শেখ রাসেলে হাইতিয়ান ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রকে সোনায় মোড়ানো একটা মৌসুম উপহার দিয়েছিলেন হাইতির ফুটবলার সনে নর্দে। ট্রেবল জেতাতে রেখেছিলেন সবচেয়ে বড় ভূমিকা। রেকর্ড পারিশ্রমিকে এই মৌসুমে নর্দে নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। নর্দের অভাবটা ভালোই টের পাচ্ছে ক্লাবটি। কিন্তু নর্দের সূত্রে হাইতিয়ান ফুটবলারদের প্রতি অন্য রকম এক মোহ জন্মে গেছে শেখ রাসেলের। এবার তাই হাইতিরই আরেক ফুটবলার প্যাসকাল মিলিয়েনকে ঢাকায় আনছে শেখ রাসেল। সবকিছু ঠিক থাকলে চলতি প্রিমিয়ার লিগে শেখ রাসেলের জার্সি গায়ে দেখা যাবে হাইতি জাতীয় দলের ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে।
শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী কাল বললেন, ‘আগামী ১৫ জানুয়ারির মধ্যেই প্যাসকাল ঢাকা আসবে। ওর সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। হাইতিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। এ জন্য ওর ভিসা পাওয়া নিয়ে একটু জটিলতায় পড়েছি। যাতে দ্রুত ভিসা পাওয়া যায় সে ব্যাপারে আমরা সব রকম চেষ্টা করছি।’ আপাতত চার মাসের চুক্তিতে ঢাকায় খেলতে আসছেন প্যাসকাল। নুরুল আলমের দাবি, প্যাসকাল নর্দের চেয়েও অনেক ভালো মানের ফুটবলার, ‘আমরা অনেক যাচাই-বাছাই করেই ওর সঙ্গে চুক্তি করেছি। ও নর্দের চেয়েও ভালো ফুটবলার।’
প্যাসকালের জাতীয় দলে অভিষেক ২০০৬ সালে। খেলেছেন ১২টি ম্যাচ। ক্লাব ফুটবলে সর্বশেষ খেলেছেন আয়ারল্যান্ডের প্রিমিয়ার লিগের দল স্লিগো রোভার্সে।
গত মৌসুমের চেয়ে তুলনামূলক দুর্বল একটি দল নিয়েই এবার লড়তে হচ্ছে শেখ রাসেলকে। তার পরও টানা দুই ম্যাচে জিতে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রাসেল।
ভালো মানের বিদেশিদের দিকেই নজর দলটির। এরই মধ্যে শেখ রাসেলে নাম লিখিয়েছেন ফ্রান্সের ম্যাক্সিম এরিক রজার্স, মরোক্কোর ইউনেস রক্স, মোহাম্মদ আমিনি, জ্যামাইকার রিকার্ডো কাজিনস ও উরুগুয়ের ফ্রান্সিসকো উসুকার।