শেখ রাসেলের আক্ষেপ বাড়ছেই
রহমতগঞ্জ ম্যাচটা ড্রও করে ফেলতে পারত। সেই সম্ভাবনাও তৈরি হয়ে গিয়েছিল। শেখ রাসেল ৩-১ করার পর ৩-২ করে ভালোই চোখ রাঙায় রহমতগঞ্জ। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ পর্যন্ত রাসেলই জিতল ৩-২ স্কোরলাইনটাকে ধরে রেখে। বাংলাদেশ লিগের কালকের এই ম্যাচটা ছিল বেশ উপভোগ্য। ৯ মিনিটে জাহেদের ক্রস থেকে ইমন বাবু দারুণ ব্যাকভলিতে এগিয়ে নেন রাসেলকে। কিন্তু ফ্রান্সিস লক্ষ্যভেদী শটে ১-১ করে ফেলেন ২৬ মিনিটে। শেখ রাসেল তখন একটু কেঁপেই ওঠে। তবে এগিয়ে যাওয়ার গোলটা পেতে তাদের দেরি হয়নি। তবে একটু ভাগ্যের সহায়তাও এতে ছিল। ৩০ মিনিটে ফ্রাঙ্ক অলিভিয়ার শট রহমতঞ্জের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে। তার পরও জয়টাকে নিশ্চিত করতে শেখ রাসেলের গোল দরকার ছিল আরও। সুযোগ এসে যায় বিরতির আগেই। ফাঁকা পোস্টে মুকিতের হেডে ৩-১ হয়ে যায়। কিন্তু ম্যাচ আবার জমে ওঠে বিরতির পরপরই। বাঁ প্রান্ত থেকে রনির ক্রসে ইদ্রিস কাসুরির দারুণ ভলিতে ৩-২ করে ফেলে রহমতগঞ্জ। এরপর ব্যবধান বাড়িয়ে নিতে পারতেন স্ট্রাইকার বুকোলা ওলালেকান। কিন্তু অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার।এটি শেখ রাসেলের টানা চতুর্থ জয়। ১২ ম্যাচে পয়েন্ট ২০। একটা সময় অনেক পিছিয়ে পড়েও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে বিজেএমসি চতুর্থ। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট শীর্ষস্থানে আবাহনী। এর পর আছে মুক্তিযোদ্ধা, ১২ ম্যাচে পয়েন্ট ২৪।শেখ রাসেলের আক্ষেপটা বাড়ছেই। প্রথম পর্বে টানা চারটি ম্যাচ না হারলে এখন আরও ওপরে থাকতে পারত। দলের প্রায় সবার মুখেই এই কথা। কোচ মারুফুল ইসলাম বললেন, ‘ওই চারটি পরাজয়ই আমাদের সর্বনাশ করেছে।’এদিন ম্যাচ শেষ হওয়ার মিনিট বিশেক আগে পুরো মাঠ অন্ধকার। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু। ফ্লাডলাইড পাওয়া গেছে বলে রক্ষা। নইলে ম্যাচটা পণ্ড হয়ে যেত। অনেক দিন ধরেই ঘরোয়া ফুটবল হচ্ছে দিনের আলোয়। ৪০ ডিগ্রি তাপমাত্রায়ও ফুটবল হচ্ছে। আজকের খেলাআবাহনী-আরামবাগ(সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)