শেখ রাসেলের আবার ড্র
নতুন কোচের অধীনে টানা পাঁচ ম্যাচ জয়বিহীন ছিল শেখ রাসেল। দুটি ড্র, তিনটি হার। ষষ্ঠ ম্যাচে এল জয়ের স্বাদ। সপ্তম ম্যাচে দ্রাগান দুকানোভিচের শেখ রাসেল আবার পয়েন্ট হারানোর রাস্তায়। এবার মুক্তিযোদ্ধার সঙ্গে গোলশূন্য ড্র।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল এই ম্যাচে জিততে পারত মুক্তিযোদ্ধা। কিন্তু গোল পাওয়ার পথে দুবার বাধা হয়েছে পোস্ট। সুযোগ নষ্ট করেছেন সানডে, কিংসলেরা। দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধার ছিল একক প্রাধান্য। শেখ রাসেল প্রথমার্ধে গোটা তিনেক সুযোগ পেয়েছে, স্ট্রাইকার মিঠুন দুবার গোলের সুবাস পেতে পেতেও লক্ষ্যভেদে ব্যর্থ।
২০ দিনে ৯টি ম্যাচ খেলা ক্লান্তিকর, এক পয়েন্টই তাই ঢের—ম্যাচের পর বলছিলেন শেখ রাসেল কোচ দুকানোভিচ। চোট সমস্যা, চার বিদেশির চলে যাওয়া—এসবও শেখ রাসেলের বাজে ফলের কারণ দেখানো হচ্ছে। দুজন মাত্র সার্বিয়ার ফুটবলার নিয়ে কাল খেলল গতবারের ট্রেবলজয়ীরা। ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে যারা এখন লিগে ষষ্ঠ স্থানে। পাঁচে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৭, ১৮ ম্যাচ থেকে।