শেখ রাসেলের আবাহনী-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০-৭-২-১। এটা কোনো বোলারের বোলিং বিশ্লেষণ নয়। পেশাদার ফুটবল লিগে আবাহনী-শেখ রাসেলের মুখোমুখি লড়াইয়ের ফল। গত পাঁচটি লিগে চারবারের চ্যাম্পিয়ন আবাহনী জিতেছে সাত ম্যাচ। দুটি হয়েছে ড্র। শেখ রাসেল জিতেছে একবার। সেটিও চতুর্থ লিগের ফিরতি পর্বে। আজ কি আবাহনীর বিপক্ষে জয়ের ঘরে আরেকটি সংখ্যা বসাতে পারবে রাসেল? বর্তমান শক্তির বিচারে রাসেল এগিয়ে। কাগজে-কলমে শেখ রাসেল ফুটবল দল এবার দেশসেরার মর্যাদা পাচ্ছে। তাই আবাহনীর বিপক্ষে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা বড় চ্যালেঞ্জ আজ রাসেলের সামনে। একই সঙ্গে বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটা বড় এক পরীক্ষাই নেবে রাসেলের।ফেডারেশন কাপজয়ী রাসেল নিজেদের ছায়া হয়েই যেন শুরু করেছে লিগটা। ফেডারেশন কাপের সেই পাসিং ফুটবল লিগে খেলতে পারছে না। বিজেএমসিকে হারিয়ে দ্বিতীয় ম্যাচেই মোহামেডানের কাছে ৩-১ গোলে ধরাশায়ী। মুক্তিযোদ্ধাকে কোনোক্রমে হারিয়ে জয়ে ফিরেছে, কিন্তু স্বস্তিতে নেই মোটেও। আজকের ম্যাচ তো রাসেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ তারা হেরে গেলে আবাহনীর চেয়ে পিছিয়ে পড়বে ৬ পয়েন্ট। শুরুতেই এতটা পিছিয়ে পড়ে লিগ জয়ের ইতিহাস বাংলাদেশে নেই। রাসেলের কোচ মারুফুল হক কঠিন সময়ের মুখে দাঁড়িয়ে বলছেন, ‘জয় ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। পাসিং ফুটবল খেলেই আমরা জয় পেতে চাই। নতুন কিছুর দরকার মনে করছি না। নিজেদের পায়ে বল রেখে খেলতে পারাটাই আসল। ওটা যদি পারি, আশা করি জিতব।’আবাহনী তুলনামূলক ভালো অবস্থায় আছে। ফেনী সকার, আরামবাগ ও ব্রাদার্সকে হারিয়ে গত ম্যাচে আবাহনী গোলশূন্য ড্র করেছে শেখ জামালের সঙ্গে। তবে আবাহনীও এখনো পুরোপুরি জ্বলে উঠতে পারেনি। নতুন কোচ আরদেশির পোরনেমাতের কাছে ছন্দময় খেলার চেয়ে তিনটি পয়েন্টই বেশি গুরুত্বপূর্ণ। আবাহনীর কাছে তাই বাড়তি কিছু পাওয়ার ক্ষুধাটা রয়েই যাচ্ছে সমর্থকদের।‘দল গোছানোর প্রক্রিয়াতেই আসলে আমাকে বেশি মনোযোগ দিতে হচ্ছে। কারণ, আমি যা চাই সেটার জন্য দলটা তৈরি নয়। তবে শেখ রাসেলের বিপক্ষে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী’— বলেছেন আরদেশির।