শেখ রাসেলের কণ্ঠেই জোর বেশি
সদ্যই ফেডারেশন কাপ ঘরে উঠেছে। আগামী পরশু থেকে শুরু বাংলাদেশ লিগে তা বড় আত্মবিশ্বাস জোগানোরই কথা শেখ রাসেলকে। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এসে সে কথাই জানালেন শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। তবে মুক্তিযোদ্ধার অধিনায়ক ড্যামির কণ্ঠে অতটা জোর পাওয়া গেল না। যদিও তাঁরও লক্ষ্য ভালো করা। আরামবাগের ফয়সাল লিগে পঞ্চম স্থান পেলেই খুশি থাকবেন।পেশাদার লিগ সামনে রেখে দলগুলোর ধারাবাহিক সংবাদ সম্মেলনের প্রথম দিনে এসেছিল চ্যাম্পিয়ন আবাহনী ও বিজেএমসি। কাল দ্বিতীয় দিনে এল শেখ রাসেল, মুক্তিযোদ্ধা ও আরামবাগ। তিন দলের শক্তির তারতম্য অনুযায়ী কোচ-অধিনায়কদের প্রত্যাশায় ভিন্নতা থাকাই স্বাভাবিক। কাগজে-কলমে সেরা শেখ রাসেলের জন্য লিগ জয় একটা বড় চ্যালেঞ্জ। মুক্তিযোদ্ধা এবার কাগজে-কলমে পাঁচ নম্বর। দলটার হারানোর কিছু নেই। বরং ধারণার চেয়ে ভালো করতে পারলে সেটাই তাদের প্রাপ্তি হবে।মুক্তিযোদ্ধা গত দুটি পেশাদার লিগে মাত্র ১ পয়েন্টের জন্য শিরোপা পায়নি। বড় বাজেটের সেরা দল নিয়েও চ্যাম্পিয়ন হতে না পারায় হতাশ মুক্তিযোদ্ধা এবার শেষ মুহূর্তে জোড়াতালি দিয়ে দল গড়েছে। যদিও অনেকে এবার মুক্তিযোদ্ধাকে দেখছে ‘জায়ান্ট কিলার’-এর ভূমিকায়। দলটির কোচ শফিকুল ইসলামের লক্ষ্য অবশ্য বড়ই, ‘আমরা জায়ান্ট কিলার হব না, বরং জায়ান্ট হব। সেই সামর্থ্য আমরা রাখি। মাঠেই তা প্রমাণ করব।’শেখ রাসেলের কোচ মারুফুল হক উয়েফা ‘এ’ লাইসেন্স প্রিপারেটরি কোর্স করতে ম্যানচেস্টারে থাকায় অধিনায়ক বিপ্লবই মুখপাত্র হিসেবে কথা বলেছেন। বিপ্লব একটা কথাই জোর দিয়ে বললেন, ‘ফেডারেশন কাপ জিতে আমরা নিজেদের প্রমাণ দিয়েছি। তবে লিগই আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা অবশ্যই লিগ চ্যাম্পিয়ন হতে চাই।’গতবার লিগে অষ্টম হয়েছিল আরামবাগ। দলটির কোচ কাজী জলির তাই উচ্চাশা নেই। একটা কথাই বললেন, ‘এবার ভারসাম্যপূর্ণ দল হয়েছে আমাদের। আশা করি, ভালো করব আমরা।’