শেখ রাসেলের গোল-উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ রাসেলের জয়ের দুই নায়ক শাকিল (বাঁয়ে) ও মিঠুনের উল্লাস। কাল কলম্বোতে  সৌজন্য ছবি
শেখ রাসেলের জয়ের দুই নায়ক শাকিল (বাঁয়ে) ও মিঠুনের উল্লাস। কাল কলম্বোতে সৌজন্য ছবি

বাংলাদেশের কোনো ক্লাব আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষকে গোলে ভাসাতে পারে, এটা কল্পনাতীত। কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্র হার মানাল কল্পনাকে। শ্রীলঙ্কা বিমানবাহিনী দলকে তাদেরই মাঠে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা ভাসিয়েছে ৫ গোলে!
এই জয় শেখ রাসেলকে অনেকটা এগিয়ে দিয়েছে এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বের পথে। এটি তাদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট! আবাহনী চারবার এএফসি প্রেসিডেন্টস কাপে খেলে দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। শেখ জামাল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েও পাকিস্তান যায়নি নিরাপত্তাকে কারণ দেখিয়ে। আশির দশকে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে দুবার দ্বিতীয় রাউন্ডে খেলেছিল মোহামেডান। দীর্ঘ অপেক্ষার পর শেখ রাসেল আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের দুয়ারে দাঁড়িয়ে।
সেটিও কখন? গতবারের ট্রেবলজয়ীরা যখন ঘরোয়া ফুটবলে বিবর্ণ। গতবারের দলের নয়জন খেলোয়াড়ই নেই। এবার লিগের মাঝপথে কোচকে বরখাস্ত করে দ্রাগান দুকানোভিচকে দায়িত্ব দেওয়ার পর লিগে এক ড্র, এ হার। এই মন্টেনেগ্রিয়ানের তৃতীয় ম্যাচটাই ছিল প্রেসিডেন্টস কাপে শেখ রাসেলের অভিষেক ম্যাচ। তাতে পাকিস্তানের খান ল্যাবরেটরিজের সঙ্গে গোলশূন্য ড্র।
কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামের ফ্লাডলাইট সমস্যার কারণে দুই ঘণ্টা এগিয়ে আসে কালকের ম্যাচ। দুকানোভিচের দলকে ১২ মিনিটে এগিয়ে নেন শাকিল। ৩৫ ও ৫৫ মিনিটে মিঠুন চৌধুরী করেন দুই গোল। প্রথম তিন গোলেই বড় অবদান রাখা হাইতিয়ান ফরোয়ার্ড প্যাসকেল ৬০ মিনিটে নিজে ফ্রি-কিক থেকে এনে দেন চতুর্থ গোল। ৮৭ মিনিটে সবুজ দাসের পঞ্চম গোল। আগামীকাল শেষ ম্যাচ ভুটানের উগেন একাডেমির বিপক্ষে। চূড়ান্ত পর্বে যেতে যেটি থেকে শেখ রাসেলের দরকার ১ পয়েন্ট।
হিসাবটা একটু জটিল। এই প্রেসিডেন্টস কাপে দুটি গ্রুপে চারটি করে দল হলেও একটি গ্রুপে তিন দল। তাই গ্রুপের চতুর্থ দলের বিপক্ষে পাওয়া পয়েন্ট বাদ। এমন অদ্ভুত নিয়মের ফাঁদে পড়েই গত বছর এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যেতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। এখন প্রশ্ন হচ্ছে, শেখ রাসেলের গ্রুপে চতুর্থ দল হবে কারা? শেখ রাসেল ছাড়া বাকি তিন দলের যে কেউ হতে পারে চতুর্থ। এবং সেটির ভিত্তিতেই হবে গ্রুপের স্থান নির্ধারণ।
ভুটানের দলটির বিপক্ষে শ্রীলঙ্কা বিমানবাহিনী ১-০ এবং কাল পাকিস্তানের খান ল্যাবরেটরিজ জিতেছে ৩-০ গোলে। আগামীকাল স্বাগতিক বিমানবাহিনী ও খান ল্যাবরেটরিজ মুখোমুখি হচ্ছে। এখন পর্যন্ত দুই ম্যাচ শেষে শেখ রাসেলের পয়েন্ট ৪, গোলগড় ধনাত্মক ৫। খান ল্যাবরেটরিজের ৪ পয়েন্ট, গোলগড় ধনাত্মক ৩। স্বাগতিক দলের পয়েন্ট ৩, গোলগড় ঋণাত্মক ৪। ভুটানের কোনো পয়েন্ট নেই। শেষ ম্যাচে না হারলেই শেখ রাসেল চূড়ান্ত পর্বে। অক্টোবরে অনুষ্ঠেয় ওই পর্বের প্রস্তুতি শুরু করতে পারে কালকের অভাবনীয় জয়ের পর। তবে শেষ ম্যাচে হেরে বসলে আবার সব ভন্ডুল হয়ে যাবে!