শেখ রাসেলের গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিঠুন আর রাজন রুমমেট। ঘুম থেকে উঠে রাজনের মুখটাই আগে দেখেছেন মিঠুন। তবে কাল কে যে কার সৌভাগ্য বয়ে আনলেন কে জানে! শেখ রাসেলের এই দুই খেলোয়াড়ের দিনটাই গেল দুর্দান্ত।স্ট্রাইকার মিঠুন তো লিগের ষষ্ঠ এবং সব মিলিয়ে মৌসুমের ১৩তম ম্যাচে নিজের প্রথম গোল পেলেন। একটি করেই থামেননি, করেছেন দুটো। মৌসুমে রাজনও পেলেন তাঁর প্রথম গোল। মিঠুন-রাজনের পাশাপাশি এমিলি, জাহিদ, সনি নর্দে পেলেন একটি করে গোল। তারই সুবাদে আরামবাগের বিপক্ষে শেখ রাসেলের গোল-উৎসব (৬-০)। জয়টা বিদেশিদের হাত ধরে নয়, বলা যায় ‘দেশজ’। ছয় গোলের পাঁচটিই তো করেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। শেখ রাসেলের নিজেদের তো বটেই, চলতি লিগে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়। টানা চার জয়ে ছয় ম্যাচ থেকে ১৫ পয়েন্ট পাওয়া রাসেলই পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে আবাহনীর ১৩, পাঁচ ম্যাচে শেখ জামালেরও সমান পয়েন্ট। মোহামেডান-মুক্তিযোদ্ধার ১০ পয়েন্ট। শেখ রাসেলের বড় স্বস্তি, আস্তে আস্তে নিজেদের খেলাটা তারা ধরতে পারছে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা মৌসুমসূচক টুর্নামেন্টে খেলেছিল ‘বিল্ডআপ ফুটবল’। নিচ থেকে ছোট ছোট পাস আক্রমণ গড়ে তোলা আর কী! কিন্তু লিগের শুরু থেকেই সেই ছন্দটা পাওয়া যাচ্ছিল না। দ্বিতীয় ম্যাচে তো মোহামেডানের কাছে আত্মসমর্পণ করে বসেছিল ৩-১ গোলে। তখনই ফিসফাস শুরু হয়, শেখ রাসেল কী নিজেদের খেলাটা ভুলে গেল? ভোলেনি। কাল ছোট ছোট পাসে বলের দখল রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খুব গোছানো ফুটবল খেলেছে রাসেল। আরামবাগ এমনিতেই দুর্বল দল, তার ওপর ৫৩ মিনিটে দলটির নাইজেরিয়ান ডিফেন্ডার পল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠে ছেড়ে যান। আগের পাঁচ ম্যাচের চারটিতেই পরাজিত আরামবাগ এদিন শুরুতেই নামে পাঁচ ডিফেন্ডার নিয়ে। ১০ জনের দল হয়ে খেলেছে ছয় ডিফেন্ডার নিয়ে। প্রতিপক্ষ অতিমাত্রায় রক্ষণাত্মক থাকায় শেখ রাসেল উইং দিয়েই আক্রমণে গেছে বেশি। রাসেলের রাইটব্যাক, লেফটব্যাক বারবার ওভারল্যাপ করে উঠেছেন, ক্রস তুলেছেন বক্সে। আরামবাগ রক্ষণ খেই হারিয়ে শেষদিকে বারবার গোলের রাস্তা খুলে দিয়েছে।শুরুটা ৩০ মিনিটে। আরামবাগের এক ডিফেন্ডার জাহিদকে বক্সে ফেলে দেন, পেনাল্টি থেকে গোল-উদ্যাপন করেন এমিলি। বিরতির শুরুতেই সনি করেন ২-০। ৬৯ মিনিটে মিঠুন, ৭৪ মিনিটে রাজন, ৮২ মিনিটে মিঠুন, অতিরিক্ত সময়ে জাহিদ গোল করে ইতি টেনেছেন গোলবন্যার।চতুর্থ বাংলাদেশ লিগে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা মিঠুন গতবার মাত্র ছয়টি গোল করতে পেরেছেন মুক্তিযোদ্ধার জার্সি গায়ে। অবশেষে গোল পাওয়ায় ‘ধীরস্থির থাকলে ও গোল পাবে নিয়মিত’ কোচের এমন প্রশংসার শুভকামনা পেলেন কাল। মিঠুন তাকাচ্ছেন সামনে, ‘গোল পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আজ ভাগ্য সহায় ছিল। গোল পেয়ে আমি এখন অনেক আত্মবিশ্বাসী।’মিঠুন-এমিলির গোল পাওয়া তো জাতীয় দলের জন্যই সুখবর!