শেখ রাসেলের জয়ে মোহামেডান তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়ে লিগ শেষ করল শেখ রাসেল। কাল বিজেএমসির বিপক্ষে তারা জিতল ৩-২ গোলে। রাসেলের জয়ে লাভবান হয়েছে মোহামেডান। অনেকটা পেছন থেকে এসে সাদা-কালোরাই হয়ে গেছে লিগে তৃতীয়। বিজেএমসি চতুর্থ, রাসেল পঞ্চম। আগামীকাল লিগের অঘোষিত ফাইনালে মুখোমুখি আবাহনী-মুক্তিযোদ্ধা। এ দুই দলই রয়েছে শীর্ষ দুটি স্থানে। তৃতীয় স্থানটির কোনো গুরুত্ব নেই, তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়া শেখ রাসেল বা বিজেএমসির মধ্যে তৃতীয় হওয়ার একটা লড়াই ছিল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসি জিতলে তারাই হতো তৃতীয়। কিন্তু ১৮ মিনিটে আনোয়ার ও ২০ মিনিটে ইউসুফ দুই গোল করে শেখ রাসেলকে এগিয়ে নিলে ম্যাচ থেকে ছিটকে যায় বিজেএমসি। এরপর ৪৪ মিনিটে রাশিদ ২-১ করেন, ৮২ মিনিটে আনোয়ার নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান গড়েন ৩-১। মিনিটে দুয়েক পরই ইসমাইল বাঙ্গুরা ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে পাঠিয়ে ৩-২ করলেও বিজেএমসি হার ঠেকাতে পারেনি। ২০ ম্যাচে বিজেএমসির পয়েন্ট ৩৩, রাসেলের ৩২, মোহামেডানের ৩৪। ১৯ ম্যাচে আবাহনীর ৪৪। মুক্তিযোদ্ধার ৪৩। এবার সাদামাটা দল গড়েও তৃতীয় হওয়া মোহামেডানের জন্য বাড়তি কৃতিত্বের। সাদা-কালোরা তৃতীয় হওয়ার জন্য তো দল গড়ে না। তবে বছর দুয়েক ধরে মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে পারেনি। গতবার হয়েছিল ষষ্ঠ, এবার তৃতীয়—মন্দ কী! বিজেএমসি ও শেখ রাসেল অবশ্য হতাশ। রাসেলের কোচ মারুফুল হক কাল ম্যাচের পর আক্ষেপ করে বলছিলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। কিন্তু বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে আশানুরূপ নৈপুণ্য পাইনি। সে কারণেই পঞ্চম হয়েছি।’