শেখ রাসেলের টানা ছয়!
ঢাকা মহানগর সিনিয়র ডিভিশন টেবিল টেনিস লিগের পুরুষ বিভাগে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো শেখ রাসেল।প্রথম পর্বে টানা ৯ ম্যাচে জয়। এরপর সুপার লিগেও তারা জিতল টানা চার ম্যাচ। অবশ্য পরশুর মতো কালও জয়টা সহজে ধরা দেয়নি। ৩-২ সেটে বিমানকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন শেখ রাসেল। আগামীকাল পাললিক গ্রুপের বিপক্ষে লিগের শেষ ম্যাচটা তাই রাসেলের জন্য নিছক আনুষ্ঠানিকতা।টিটিতে রাসেলের এই ধারাবাহিক সাফল্যের রহস্য কী? দলের খেলোয়াড় ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহর বিশ্লেষণ, ‘শেখ রাসেলের কর্মকর্তারা খেলোয়াড়দের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধাও বেশি পেয়ে থাকি আমরা। প্রত্যাশার চেয়েও বেশি। এ জন্য দলের প্রতি আমরা একটু বেশিই দায়বদ্ধ। আসলে আমরা নিজের দল মনে করেই খেলি। তা ছাড়া শেখ রাসেল সব সময় দেশের সেরা খেলোয়াড়দের দলে নেয়। এবার তো বিদেশিদের ছাড়াই চ্যাম্পিয়ন হলাম।’ গত ছয় মৌসুমের পাঁচবারের চ্যাম্পিয়ন দলের সদস্য মাহবুব। আবারও চ্যাম্পিয়ন হতে পেরে উচ্ছ্বসিত নড়াইলের খেলোয়াড়, ‘সেই ২০০৭ সাল থেকে রাসেলের সঙ্গে আছি। এবারও চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে।’শেখ রাসেলের টিটি সম্পাদক এনায়েত হোসেন (মারুফ) জানান, ‘লোটো কাপে খারাপ ফলাফলের পরই আমরা চট্টগ্রাম ও খুলনায় ক্যাম্পে পাঠাই খেলোয়াড়দের। এটা অনেক কাজে দিয়েছে। তা ছাড়া দলের দুই জুনিয়র খেলোয়াড় রকি ও হাসিবকে আলাদা করে ট্রেনিংয়ের জন্য বিকেএসপিতে পাঠানো হয়েছিল। এসব কারণেই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পেরেছি।’ শেখ রাসেল দলে এবার খেলেছেন জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী, রানারআপ মাহবুব বিল্লাহ, রিয়াজ মাহমুদ (রকি) ও হাসিবুর রহমান।