শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ল শেখ রাসেল ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল তাদের ধাক্কাটা দিল ঢাকা মোহামেডান, ১-০ গোলে হারিয়ে দিয়ে।এবারের লিগে এটাই মোহামেডানের বৃহত্তম সাফল্য। এর আগে আর কোনো বড় দলকেই তারা হারাতে পারেনি। এই জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো সাদা-কালোদের। প্রথম পর্বে এই শেখ রাসেলের কাছে তারা হেরেছিল ১-০ গোলে।বড় দলের বিপক্ষে জয়, আনন্দে ম্যাচ শেষে গ্যালারি থেকে কিছু উচ্ছ্বসিত সমর্থক নেমে এল মোহামেডান টেন্টে। বুকে জড়িয়ে ধরল খেলোয়াড়দের। সমর্থকেরা মনে করেন, মোহামেডান সাদামাটা দল নিয়ে ভালোই করেছে এবং ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা তাদের জন্য অনেক তৃপ্তির! অন্য দিকে রাসেল ছিল হতাশ। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ রাসেল। কাল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছে মোহামেডান। আর শেখ রাসেলকে মনে হয়েছে অচেনা। কয়েক বছর ধরেই শিরোপার দাবি নিয়ে লিগ শুরু করা দলটির আক্রমণে কোনো ধার ছিল না। যা-ও ছিল, ছিল না ফিনিশিং। তারই পরিণাম এই পরাজয়। পাশাপাশি কৃত্বিত্ব অবশ্যই মোহামেডানের। ভালো খেলেই জয়টা তুলে নিয়েছে তারা।২৫ মিনিটে শেখ রাসেলের আগুয়ান গোলরক্ষক মামুন খানকে পাশ কাটিয়ে মোহামেডানকে একমাত্র গোলটা এনে দেন সানডে সিজোবা। ৯ ম্যাচে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ এই নাইজেরিয়ান। প্রথম পর্বে কেন তাঁকে পাওয়া গেল না, এখন একেকটা করে ম্যাচ যাচ্ছে আর এই আফসোস হচ্ছে মোহামেডান সমর্থকদের।জয়ের ব্যবধান বড়ও হতে পারত। কিন্তু বেশ কটি সহজ সুযোগ নষ্ট করেছেন আনোয়ার, যা দেখে কোচ শফিকুল ইসলাম বিরক্তই ছিলেন, ‘আনোয়ার মিস না করলে জয়টা আরও বড় হতে পারত।’ শেষ দিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল শেখ রাসেল। কিন্তু তারাও পাল্লা দিয়ে সুযোগ নষ্ট করেছে রাশিয়ান স্ট্রাইকার এডওয়ার্ড ভিক্টরের নেতৃত্বে! শেষ কয়েক মিনিটে দুই দলের খেলোয়াড়েরা ছিলেন উত্তেজিত, যার একপর্যায়ে শেখ রাসেলের রাজু লাথি মেরে বসেন মোহামেডানের তপুকে। কিন্তু রেফারি আজাদ রহমান লাল কার্ড দূরের কথা, হলুদ কার্ডও দেখাননি! শেখ রাসেলের কোচ মাহমুদুল হক লিটন পর্যন্ত বললেন, ‘রেফারির এটা এড়িয়ে যাওয়া ঠিক হয়নি। কার্ড দেওয়া উচিত ছিল।’