শেখ রাসেলের নতুন যাত্রা
ঘরের ফুটবলে এরই মধ্যে হাতছাড়া ফেডারেশন ও স্বাধীনতা কাপ। চলমান প্রিমিয়ার লিগেও অনেকটা পেছনে। গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র এ মৌসুমে বেশ অনুজ্জ্বল।
আপাতত ঘরোয়া ফুটবলের ব্যর্থতা ভুলে সামনে তাকানোর সময়। এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাইপর্বে খেলতে আজ কলম্বো যাচ্ছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শ্রীলঙ্কার রাজধানীতে ৭-১১ মে এএফসি প্রেসিডেন্টস কাপ। যে টুর্নামেন্ট প্রথমবারের মতো শেখ রাসেলকে এনে দেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলার স্বাদ।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে শেখ রাসেলের সঙ্গী পাকিস্তানের কেআরএল ক্লাব, শ্রীলঙ্কার এয়ারফোর্স স্পোর্টিং ক্লাব ও ভুটানের উগেইন একাডেমি। গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। এই পর্বের টিকিট পাওয়া কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের চ্যাম্পিয়নদের জন্য।
কিন্তু দলটা একটু এলোমেলো অবস্থায় এখন। লিগের মাঝপথে পা রাখার আগেই ট্রেবলজয়ী কোচ মারুফুল হককে বিদায় দিয়েছে শেখ রাসেল। নতুন কোচ দ্রাগান দুকানোভিচ রাতারাতি বদলে দিতে পারবেন না সব! সেটার প্রমাণও মিলছে। দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচে ড্র, পরের ম্যাচে হার! দুকানোভিচের শুরুটা ভালো হয়নি মোটেও।
কলম্বোয় ভালো করতে তাই মরিয়া দুকানোভিচ। পাঁচ বিদেশির মধ্যে বেছে নিয়েছেন প্যাসকেল ও ইভানকে (দুজনকে খেলানো যাবে)। আশা করছেন ক্লাবের প্রত্যাশা পূরণ করে দলকে নিতে পারবেন চূড়ান্ত পর্বে। এর আগে আবাহনী পাঁচবার এএফসি প্রেসিডেন্টস কাপে খেললেও চূড়ান্ত পর্বে উঠতে পারেনি একবারও। শেখ জামাল ধানমন্ডি ক্লাব সুযোগ পেলেও নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে যায়নি। এই টুর্নামেন্টে বাংলাদেশের অনুজ্জ্বল অধ্যায় এবার আলোয় ভরিয়ে দিতে চায় শেখ রাসেল।
আবাহনীর হয়ে তিনবার এই প্রতিযোগিতায় খেলেছেন শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অভিজ্ঞ গোলরক্ষক বললেন, ‘আমরা কলম্বোতে ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করব। আমাদের বর্তমান অবস্থা কেমন, সেটা ভুলে যেতে হবে। সেরাটা দিতে পারলে অবশ্যই চূড়ান্ত পর্বে খেলব আমরা।’
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে শেখ রাসেলকে শুভকামনা জানালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘বাংলাদেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করছে শেখ রাসেল। তাই অনুরোধ করব ওরা যেন গুরুত্ব দিয়ে টুর্নামেন্টটা খেলে।’ শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরীর কণ্ঠে প্রত্যয়, ‘ঘরোয়া সংকট থেকেই হয়তো কখনো কখনো উত্তরণের উপায় বেরিয়ে আসে। আমাদের খেলোয়াড়েরা সেই সংকট কাটিয়ে ওঠার শপথ নিয়েছে।’
মাঠে সেটি করে দেখাতে পারলেই হয়।
প্রেসিডেন্টস কাপে শেখ রাসেল
৭ মে পাকিস্তান কেআরএল সন্ধ্যা ৭টা
৯ মে শ্রীলঙ্কা এয়ারফোর্স সন্ধ্যা ৭টা
১১ মে ভুটান উগেইন একাডেমি বিকেল ৪-৩০ মি.
(সব ম্যাচ কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে)