শেখ রাসেলের রং ছড়ানো দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের দলবদলে আগে কখনো এত বর্ণময় ছিল না শেখ রাসেল ক্রীড়া চক্রের উপস্থিতি। কাল বাফুফে ভবনে দলটি এল নানা আয়োজনের ডালি সাজিয়ে। ১৫টি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে খেলোয়াড়দের আনা, প্রায় দেড় শ মোটরসাইকেলে সমর্থক-শুভানুধ্যায়ীর আগমন, শাড়ি পরা তরুণীদের উপস্থিতি—গোটা পরিবেশটাই ছিল অন্য রকম।২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেকেই রানার্সআপ হয়েছিল শেখ রাসেল। কিন্তু এখনো ঘরোয়া ফুটবলে শিরোপাহীন দলটি। সেই খরা কাটাতেই ক্লাবের ইতিহাসে এবার সবচেয়ে বড় বাজেটের দল গড়া। এবার অনেকেই ফুটবলের এক নম্বর দল বলছেন শেখ রাসেলকে। দলটিতে সর্বশেষ জাতীয় দলের ৮-৯ জন খেলোয়াড়।গতকাল ক্লাবের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের অংশই হয়ে যায় এই দলবদল কার্যক্রম। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিভিন্ন সড়ক ঘুরে বাফুফে ভবনে আসা দলটির খেলোয়াড়দের গায়ে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিসংবলিত টি-শার্ট, শেখ হাসিনার ছবি-পোস্টার। আনুষ্ঠানিকভাবে এদিন শেখ রাসেলের হয়ে গেলেন মুক্তিযোদ্ধা ছেড়ে আসা দেশসেরা দুই স্ট্রাইকার এমিলি ও মিঠুন। একই দল থেকে আসা দেশসেরা মিডফিল্ডার মামুনুল, রাজন, ডিফেন্ডার রেজাউল, আবাহনী ছেড়ে আসা ডিফেন্ডার নাসির, মামুন মিয়া, লিংকন ও দেশসেরা উইঙ্গার জাহিদ। দলটির নেতৃত্বে আছেন গতবারের অধিনায়ক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। তাঁর কথা, ‘ক্লাবের দেওয়া এই সম্মানের প্রতিদান দিতে চাই আমরা।’দুই মরোক্কান ও এক হাইতির খেলোয়াড়ও ছিলেন দলবদল কার্যক্রমে। এ ছাড়া গতবারের ডিফেন্ডার আমিনুল, উত্তম, মিডফিল্ডার ইমন, স্ট্রাইকার আনোয়ার, সোহেল রানাসহ মোট ২২ জন স্থানীয় খেলোয়াড়ের ঠিকানাও শেখ রাসেল। কোচ হিসেবে আছেন মারুফুল হকই।শেখ রাসেল কয়েক কোটি টাকা খরচ করেছে দল গড়তে। কিন্তু দলটির কোনো অবকাঠামো নেই। একটা মাঠ দূরের কথা, ক্লাব তাঁবু পর্যন্ত নেই। কাল এসব নিয়ে ওঠা প্রশ্নে ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী জানালেন, কমলাপুর স্টেডিয়ামের পাশে ১৫ কাঠা সরকারি জমি পাওয়া যেতে পারে। তা পেলে সেখানেই ক্লাব তাঁবু হবে।সবচেয়ে বড় প্রশ্ন—যত ভালো দলই গড়ুক, শেখ রাসেল চ্যাম্পিয়ন হতে পারবে? চাপের মুখে অতীতে বরাবরই ভেঙে পড়েছে দলটি। দলটার নিয়তিই যেন তিন-চারে থাকা। গতবার তো নেমে গেছে পাঁচে। এ মৌসুমে গা-ঝাড়া দিয়ে বিশাল বাজেটে তারকাসমৃদ্ধ দল গড়া কেন? ক্লাব সভাপতি জানিয়েছেন, গতবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে ‘শেখ রাসেল কবে চ্যাম্পিয়ন হবে’ প্রশ্ন করায় এবার তাঁরা বড় বাজেটের দল গড়তে উদ্বুদ্ধ হয়েছেন। আগে গড়া হতো চ্যাম্পিয়ন লড়াইয়ে থাকার দল, এবার গড়া হলো চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল।শেখ রাসেলের খেলোয়াড়-কর্মকর্তায় ঠাসা সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী। তাঁর পাশে বসে শেখ রাসেল পাতানো খেলা খেলেনি কখনো এবং ভবিষ্যতেও খেলবে না ঘোষণা দিয়ে নুরুল আলম চৌধুরী বললেন, ‘গতবার পাতানো খেলা বন্ধে ফেডারেশনের আন্তরিকতা দেখিনি, আশা করি এবার তেমন হবে না।’