শেখ রাসেলের সামনে কেআরএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের ট্রেবলজয়ী দলটি এবার ঘরোয়া ফুটবলে একটি শিরোপাও জিততে পারেনি। লিগে অধারাবাহিক পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখতে পারছে না শেখ রাসেল ক্রীড়া চক্র। লিগের মাঝপথেই বিদায় করে দেওয়া হয়েছে ট্রেবল জেতানো কোচ মারুফুল হককে। তাঁর উত্তরসূরি দ্রাগান দুকানোভিচের লিগের অভিষেকও ভালো হয়নি মোটেও। প্রথম ম্যাচে ড্র, পরেরটিতে হার। মন্টেনেগ্রান কোচের সামনে এবার আন্তর্জাতিক টুর্নামেন্টের চ্যালেঞ্জ।
আজ পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরির (কেআরএল) সঙ্গে ম্যাচ দিয়ে এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বের অভিযান শুরু করবে শেখ রাসেল। এটি আন্তর্জাতিক টুর্নামেন্টেও তাদের অভিষেক ম্যাচ। সন্ধ্যা সাতটায় কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে হবে ম্যাচটি।
কোচ দ্রাগান দুকানোভিচ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে ওঠার আশাবাদ জানিয়েছেন বাফুফের কাছে, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতেই এসেছি। অল্প সময়ে যেকোনো কোচের পক্ষেই উন্নতি করা কঠিন। কিন্তু আমি আত্মবিশ্বাসী যে দলটা ভালো করবে। কারণ, দক্ষিণ এশিয়ার ক্লাবগুলো প্রায় একই মানের।’
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে শেখ রাসেলের দ্বিতীয় ম্যাচ ৯ মে শ্রীলঙ্কা এয়ার ফোর্সের সঙ্গে ও ১১ মে শেষ ম্যাচের প্রতিপক্ষ ভুটানের উগেন একাডেমি।