শেখ রাসেলের স্বপ্ন পূরণের দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে ভুটানের উগেন ফুটবল একাডেমি। যে দলটি স্বাগতিক শ্রীলঙ্কা বিমান বাহিনীর কাছে ১-০ ও পাকিস্তানের খান রিচার্স ল্যাবরেটরির কাছে হেরেছে ৩-০ গোলে। শ্রীলঙ্কা বিমান বাহিনী দলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া শেখ রাসেলের সামনে বাধা হওয়ার কথা নয় ভুটানের দলটির।

 তবে ফুটবলে আগাম কিছু বলা কঠিন। পচা শামুকেও পা কাটে। তাই ‘জিতেই গেছি’ ধরে নিতে পারছে না শেখ রাসেল। সাবধানেই নামতে হচ্ছে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু ম্যাচে। কলম্বোয় সুগাথাদাসা স্টেডিয়ামে উগেনের কাছে না হারলেই লক্ষপূরণ হয়ে যাবে শেখ রাসেলের। বাংলাদেশের প্রথম দল হিসেবে উঠে যাবে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে।

দুই ম্যাচে চার পয়েন্ট শেখ রাসেলের। প্রথম ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছিল পাকিস্তানের খান ল্যাবরেটরিজের সঙ্গে। আজ ড্র চাই। জিতলে তো কথাই নেই, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যাবে চূড়ান্ত পর্বে। এই ম্যাচের পরপরই হবে শ্রীলঙ্কা বিমান বাহিনী-পাকিস্তানের খান ল্যাবরেটরিজের ম্যাচ। দ্বিতীয় ম্যাচের ওপরই আসলে অনেক কিছু নির্ভর করছে।

 শেখ রাসেল কোচ দ্রাগান দুকানোভিচ পরের ম্যাচের ফলের দিকে তাকাতে রাজি নন। কলম্বো থেকে মন্টেনেগ্রিয়ান কোচ জানিয়েছেন, ‘আমাদের প্রতিপক্ষ দলটির বিদায় নিশ্চিত হলেও আমরা ওদের হালকা করে নিচ্ছি না। আগের দুই ম্যাচের মতোই সমান গুরত্ব দিয়ে খেলব। এবং আমরা প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে ওঠার ব্যাপারে খুবই আশাবাদী।’