শেখ রাসেলের স্বপ্নের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরতির সময় প্রেসবক্সে রসিকতা করে অনেকে বলেছিল, ‘খেলল শেখ রাসেল, জিতল শেখ জামাল’ এমন কাণ্ড ঘটে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেবেন না।দ্বিতীয়ার্থে সেই লোকদেরই হাত-পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। গতি আর ছন্দে শেখ জামাল ঘুরে দাঁড়াল বলে। আক্রমণে উঠে বেশ কবার তীব্র ঝাঁকুনি দিল রাসেলকে। গোলশূন্য ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিট। এবার সত্যি সত্যিই ‘রাসেল জিতুক’ চাইছিল যারা, তাদের চোখ-মুখ অন্ধকার। দেখা গেল প্রায় গোটা প্রেসবক্স তো অবশ্যই, মাঠে আসা হাজার পাঁচেক দর্শকের প্রায় ৮০ ভাগই রাসেলের সমর্থক। কিন্তু তাদের হতাশ করে মাইক ওতোজেরেরির গোল। স্বদেশি যোসেফের শট দারুণ আস্থা নিয়ে খেলা রাসেল গোলরক্ষক বিপ্লব ফিস্ট করেন, ফিরতি বল আমিনুল ক্লিয়ার করতে পারেননি, খুব কাছ থেকে ওতোজেরেরি জালে জড়ান।শেখ রাসেলের বুঝি ইতিহাস গড়া হচ্ছে না! এই প্রথম কোনো শিরোপা জেতার এত কাছে এসেও কি রানার্সআপ হয়েই ফিরতে হবে? এই যখন হা-হুতাশ অনেকের, তখন অতিরিক্ত সময়ের প্রথমার্ধও শেষ। রাসেল শিবিরে ‘হায়, হায়’ মাতম। কিন্তু কে জানত শেষ মিনিটে এমন নাটকীয়তা দেখবে ফেডারেশন কাপের অন্য রকম এই ফাইনাল! শেষ পর্যন্ত দারুণ এক ফাইনালের তকমাই পেল এটি। পিছিয়ে থাকা ৪-২-৩-১ ছকের রাসেলকে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেও ১০ মিনিটে জীবন দিলেন সেই এমিলি, এই টুর্নামেন্ট যাঁকে পুনর্জন্ম দিয়েছে। মামুনুলের কর্নার প্রতিহত, তারপর সেই মামুনুলই বলটা ক্রস করলেন জামালের বক্সে, এমিলির নিশানাভেদী হেড। গোল...! নড়েচেড়ে বসল সবাই। ১-১ স্কোরলাইন ম্যাচটাকে টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়ার সংকেত দিতে শুরু করেছে।না, টাইব্রেকার ভাগ্যপরীক্ষায় নিজেদের সমর্পিত করতে হয়নি। হয়নি কারণ, এই দলে মামুনুল নামের এক মিডফিল্ডার আছেন, যাঁর পাস থেকে অতিরিক্ত সময়ের শেষ পাঁচ মিনিটে রাসেল পেয়েছে দুই গোল। আছেন সনি নর্দে নামের একজন। শেষ মিনিটে সনি নর্দে অসাধারণ এক গোল করে নাটকীয়ভাবে জিতিয়ে দিলেন শেখ রাসেলকে। হাইতির এই মিডফিল্ডার সম্পর্কে অল্প কথায় বলা সম্ভব নয়। দারুণ খেলোয়াড়। এই ফাইনালের সেরা তো বটেই, অনেকের চোখে গত ১০-১২ বছরে বাংলাদেশে আসা সেরা বিদেশি খেলোয়াড়।কাল একাই জামাল রক্ষণকে বারবার ঘোল খাইয়েছেন। জয়সূচক গোলটার মিনিট দুয়েক আগেই জামাল বক্সে অন্তত চারজন খেলোয়াড়কে কাটিয়ে অনেকক্ষণ বলটা পায়ে রাখলেন। শট নেওয়ার ফাঁক বের করতে পারেননি, কিন্তু দুই মিনিট পর ঠিকই তাঁকে আর আটকাতে পারেনি জামাল, ততক্ষণে তারা ১০ জন মিলে রক্ষণ করছে। ইউরোপে দেখা যায়, এক গোল তো মামুলি, দুই গোলে পিছিয়ে থাকা দলও ম্যাচের অন্তিম সময়ে তিন গোল করে জিতে নেয় ম্যাচ। চার গোলে পিছিয়ে থেকে ৪-৪ ড্র করার উদাহরণও তো আছে। কালকের বঙ্গবন্ধু স্টেডিয়ামও সেই রকমই এক রোমাঞ্চ উপভোগ করল। রাসেল সেমিফাইনালেও একইভাবে এক গোলে পিছিয়ে শেষ মিনিটে এমিলির জয়সূচক গোলে বাজিমাত করেছে।ফুটবল যখন তার আসল রূপটা মেলে ধরে, তখন জয়-পরাজয় ছাপিয়ে আসলে বড় হয়ে ওঠে এর সৌন্দর্যটা। আবাহনী, মোহামেডান ফাইনালে নেই বলে ফাইনালের গ্যালারির সেই কেতাবি উত্তাপ পাওয়া গেল না ঠিক, কিন্তু শেষটা মন ভরিয়ে দিয়েছে নিরপেক্ষ সমর্থকদের। নিরপেক্ষ বলতে আসলে কাল কেউ ছিল বলে মনে হয় না। ২০০৩ সালে ঢাকার শীর্ষ ফুটবলে সৌরভ ছড়াতে শুরু করলেও গতকালের আগে যে শেখ রাসেলের ট্রফিঘর শূন্যতায় হাহাকার করছিল, সেই দলের জন্য কাল ছিল স্বপ্নের এক রাত। স্বপ্নপূরণের রাত। ফুল ফোটানোর রাত। শেখ জামালের দুঃখটা নিশ্চয়ই সহজে মুছবে না। দলটির তরুণ গোলরক্ষক মোস্তাক সহানুভূতি পাবেন। গোল খাওয়ার আগ পর্যন্ত আক্ষরিক অর্থেই চীনের প্রাচীর হয়ে ছিলেন পোস্টের নিচে। কিন্তু যত বাঁধই দেওয়া হোক, একসময় প্রবল স্রোত সেটি ভাসিয়ে নিয়ে যায়। মোস্তাকের বাঁধও টিকল না। এটাই ফুটবল।ট্রফি নিয়ে এবার বুঝি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ মিলল শেখ রাসেলের! এক নজরেপ্রথম কোনো শিরোপা জিতল শেখ রাসেলটুর্নামেন্টের সেরা খেলোয়াড় শেখ রাসেলের মামুনুলসর্বোচ্চ ৭ গোল করেছেন এমিলি