
ঢাকার মাঠে নতুন ধারার এক ফুটবল চালু করে দিলেন শেখ রাসেল কোচ মারুফুল হক। গত মৌসুমে তাঁর হাত ধরে শেখ রাসেল ট্রেবল জিতেছিল ৪-২-৩-১ ছকে। এবার দলের সামর্থ্য খর্ব হওয়ায় মারুফুল বেছে নিলেন ভিন্ন পথ। প্রথম ম্যাচের মতো কালও শেখ রাসেল খেলল ৩-৩-১-৩ পদ্ধতিতে। বাংলাদেশের ফুটবলে একেবারেই নতুন ছক। চট্টগ্রাম আবাহনীর তীব্র লড়াই সামলে ২-১ গোলে টানা দ্বিতীয় জয় তুলে মারুফুল জানালেন, নতুন পদ্ধতিতেই এগোতে চান এ মৌসুমে।
এগিয়ে গিয়েও চট্টগ্রাম আবাহনী কাল হেরেছে। মন খারাপ থাকলেও সবার প্রশংসা নিয়েই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়েছে বন্দরনগরের দলটি। ঢাকার ভিক্টোরিয়া ক্লাবে তাঁবু ফেলে বেশ কষ্ট স্বীকার করতে হচ্ছে, কিন্তু মাঠে চট্টগ্রাম আবাহনীর গতিময় ফুটবল দেখে কে বলবে মাঠের বাইরে তারা সইছে কত বিড়ম্বনা!
এই চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়েরা অনেক দিন ধরেই খেলছেন একসঙ্গে। দ্বিতীয় পেশাদার লিগ থেকেই যার শুরু, এখন চলছে সপ্তম পেশাদার লিগ পর্যন্ত। ৭-৮ জন একসঙ্গে দীর্ঘদিন খেলায় বোঝাপড়া গড়ে উঠেছে। রানিং বেশ ভালো, তিন-চারজন সমীহ জাগানো খেলোয়াড়ও আছে এই দলে। ভাগ্য একটু সহায় থাকলে দুই ম্যাচেই পয়েন্ট পেতে পারত চট্টগ্রাম আবাহনী। কাল তো ম্যাচে ফেরার লড়াইয়ে একবার তাদের বল লাগল পোস্টে।
শেখ রাসেলকে একটু নড়বড়ে দেখাল এদিন। দলীয় সমন্বয় গড়তে হয়েছে নতুন করে। এবার দলে ভালো রাইটব্যক, লেফটব্যাক না থাকায় চারজন ডিফেন্ডারে যাচ্ছেন না মারুফুল। সাইড বেঞ্চ দুর্বল। তিন-চারজন নির্ভরযোগ্য স্টপার থাকায় তাঁদের ওপরই আস্থা রেখে নতুন কৌশলে যাচ্ছেন রাসেল কোচ। শক্তিশালী দলের বিপক্ষে এই ছক কাজে লাগবে? মারুফুলের উত্তর, ‘আমার তো আর কোনো উপায় নেই।’
তার পরও ১৩ মিনিটে গোল খেয়ে তিন মিনিট পরই ম্যাচে ফিরল রাসেল। মাসুকের থ্রু ধরে নিচু শটে লক্ষ্যভেদ করেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড নেপালিয়ান গ্যাব্রিয়েল (১-০)। এরপর ফরাসি মিডফিল্ডার ম্যাক্সিম বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিকে সরাসরি বল পাঠান জালে (১-১)। ৫৬ মিনিটে অবশ্য একবার বল ক্রসবারে লাগল রাসেলের। তবে আর বেশি অপেক্ষা নয়। ৬৫ মিনিটে জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডোর ক্রসে চ্যাম্পিয়নদের জয়সূচক গোল এনে দিলেন দীর্ঘদেহী মরোক্কান ফরোয়ার্ড ইউনেস রক্স।
লিগে আজ বিরতি। কাল শেখ জামাল-ব্রাদার্স ম্যাচ।