শেখ রাসেলের ‘সুন্দর ফুটবল’
‘সুন্দর ফুটবল’, ‘টাচ ফুটবল’—সাম্প্রতিক বছরগুলোতে এই কথাগুলো শোনা যেত না বাংলাদেশের ফুটবলারদের মুখে। তবে এবার শোনা যাচ্ছে এবং তা যথার্থই। পরশু ফেডারেশন কাপে শেখ রাসেল ক্রীড়া চক্র অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তো ‘সুন্দর ফুটবল’ খেলেই।রাসেল অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য কাল বারবারই এই একটা কথাই বললেন, ‘আমরা এমন ফুটবল খেলতে চেয়েছি, যাতে দর্শক দেখে আনন্দ পায়। টাচ ফুটবল আমরা টিভিতে দেখি, এবার সেটা নিজেরাই খেললাম। আমাদের বিল্ডআপটা ছিল লাতিন ফুটবলের মতো। কোচ এভাবেই চেয়েছেন আমাদের খেলাতে।’সহজ করে বললে শেখ রাসেল পাসিং ফুটবল খেলেছে। টিম ওয়ার্ক ছিল দুর্দান্ত। ছকটা ৪-২-৩-১। বাংলাদেশের ফুটবলে এই ফর্মেশন এখনো সেভাবে বহুল অনুসৃত নয়। ভালো মানের ফুটবলার বেশি থাকায় শেখ রাসেল কোচ মারুফুল হক এটা অনুসরণ করেছেন। তারই ফল, এই প্রথম শেখ রাসেল কোনো শিরোপা জিতল ঘরোয়া ফুটবলে।একটা ব্যাপার লক্ষ্যণীয়, শেখ রাসেল কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল জিতেছে অতিরিক্ত সময়ে। পিছিয়ে পড়ে সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে জয় ছিল নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে। এটা প্রমাণ করছে, দলটির পরিশ্রম করার ক্ষমতা অনেক। সাত দিনে খেলেছে ৩৩০ মিনিট। এটা সামগ্রিকভাবে বাংলাদেশের ফুটবলারদের ক্ষমতা বাড়ারই একটা সূচক।এমনিতে এবার দেশের সেরা জাতীয় দলের আট-নয়জন খেলোয়াড় নিয়ে দল গড়েছে শেখ রাসেল। এই দল কাগজে-কলমে সেরার স্বীকৃতি পেয়েছে, মাঠেও প্রথম টুর্নামেন্টে প্রমাণ করেছে নিজেদের। উপরন্তু বিদেশি সংগ্রহও ভালো। হাইতির মিডফিল্ডার সনি তো দারুণ এক খেলোয়াড়। অসম্ভব পরিশ্রমী, একটু নিচ থেকে আক্রমণে ওঠেন। তাঁকে আটকানো কঠিন। ফাইনালে দলের জয়সূচক গোলটা করে সেটি বুঝিয়েছেন ভালোভাবে।বিদেশিদের কৃতিত্ব দিয়েছেন কোচ মারুফ। ভালো খেলেছেন স্ট্রাইকার এমিলি। তবে কোচ সবচেয়ে বেশি নম্বর দিচ্ছেন খেলোয়াড়দের বুদ্ধিমত্তাকে। শেষ মিনিট পর্যন্ত হাল না ছাড়াও রাসেলকে তুলে ধরছে আলাদা করে। দলটাকে এক সুতায় গেঁথে সাফল্য ঘরে তুলতে একটা কাজই বেশি করেছেন কোচ। ‘খেলোয়াড়দের উজ্জীবিত করার দায়িত্ব ছিল আমার। সেটা পেরেছি বলেই মনে হয়’—মারুফের কণ্ঠে তৃপ্তি। তবে একেবারে নির্ভার নন। কারণ, লিগে অতিরিক্ত সময় থাকবে না। তখন নির্ধারিত সময়ে জিততে না পারা মানে পয়েন্ট হারানো। এই দিকটাকে নিজের জন্য সতর্কসংকেত মানলেন রাসেল কোচ।এ কারণেই কিনা চ্যাম্পিয়ন শেখ রাসেল কাল বিকেলে বুয়েটে অনুশীলনে নেমে পড়ল! যেটি ছিল আসলে ‘রিকভারি ওয়ার্মআপ’। অনুশীলন শেষে কালই ছুটি পেয়েছেন খেলোয়াড়েরা। ৩০ অক্টোবর ফিরবেন ক্যাম্পে।তখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেবেন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর এক ঘরোয়া আড্ডায় ‘শেখ রাসেল কবে চ্যাম্পিয়ন হবে’ কৌতূহল দেখানোয় উদ্বুদ্ধ হয়ে এবার কর্মকর্তারা সেরা দল গড়েছেন। তবে দলটার এখনো ক্লাব টেন্ট নেই, চানখাঁরপুলে ভাড়া বাড়িতে চলছে ক্যাম্প।ওদিকে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন মানি পাঁচ লাখ টাকাই খেলোয়াড়দের বোনাস দেওয়া হচ্ছে। পরশু রাতেই দেশের বাইরে যাওয়া ক্লাব সভাপতি ঢাকায় ফিরলে আরও বোনাস ঘোষিত হতে পারে।রাসেলের বড় পরীক্ষা ১০ নভেম্বর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তাতে ফেডারেশন কাপের মতো তারা সুন্দর ফুটবল খেলবে—এই প্রত্যাশা বেড়ে গেল।