শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বীরেন্দর শেবাগ শুধু সিরিজ-সেরাই হননি, শেষ টেস্টে ছুঁয়েছেন সাত হাজার রানের মাইলফলকও। যদিও অল্পের জন্য ছুঁতে পারেননি দ্রুততম সাত হাজার রানের রেকর্ড। ১৩৪ ইনিংসে সাত হাজার করেছেন শেবাগ, রেকর্ডটি ১৩১ ইনিংসের। টেস্টে সাত হাজার রান করা প্রথম ব্যক্তি স্যার ওয়ালি হ্যামন্ড রেকর্ডটি গড়েছিলেন ১৯৪৬ সালে। শেবাগ দুই থেকে তিনে পাঠিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকারকে, লিটল মাস্টারের লেগেছিল ১৩৬ ইনিংস। একসময় টেস্ট কত কম খেলা হতো, আর এখন কত বেশি খেলা হয়, এই ব্যাপারটিও বোঝা যায় এই রেকর্ড দেখলে। ইনিংসের হিসাবে সবচেয়ে এগিয়ে থাকা হ্যামন্ডের যেমন সময় লেগেছে সবচেয়ে বেশি। ১৩১ ইনিংস খেলতে হ্যামন্ডের সময় লেগেছিল ১৮ বছর ২৩৬ দিন, আর শেবাগের ১৩৪ ইনিংস খেলতে লেগেছে ৮ বছর ২৭৩ দিন! সময়ের হিসাবে রেকর্ডটি গ্রায়েম স্মিথের, সাত হাজার ছুঁতে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের লেগেছিল ৮ বছর ১০২ দিন।