অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় দিনটা কোনো মতে পার করা গেছে। দিনের শেষভাগে অস্ট্রেলিয়ার ৬০৪ রানের পাহাড় ডিঙাতে নেমে শেবাগ ও দ্রাবিড়কে হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে ভারত। গৌতম গম্ভীর ৩০ ও শচীন টেন্ডুলকার ১২ রানে অপরাজিত আছেন।ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ইনিংসের শুরুতে আশ্চর্য মিল। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দলীয় ২৬ ও ৩১ রানে প্রথম দুই উইকেট হারিয়েছিল। ভারতও তাদের প্রথম ইনিংসে ২৬ ও ৩১ রানে হারিয়েছে বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়কে। পার্থক্য হলো, অস্ট্রেলিয়া শুরুতেই উইকেট হারিয়ে ৬০৪ রান করেছে, আর ভারতকে পার হতে হবে সুউচ্চ রান পাহাড়। ভারতের ইনিংসের শুরুটা ছিল আশা জাগানিয়া। হিলফেনহসের প্রথম ওভারের প্রথম বলেই পয়েন্টের ওপর দিয়ে চার মেরে শুরু করেছিলেন গৌতম গম্ভীর। শেবাগও ব্যাট চালানো শুরু করেছিলেন সপাটে। কিন্তু পিটার সিডলের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। রাহুল দ্রাবিড় মাঠে নেমে বেশিক্ষণ টেকেননি। হিলফেনহসের বলে আরেকবার বোল্ড হয়ে তিনি আবার ঘোষণা করলেন তাঁর শেষ সময়ের। এই সিরিজে কতবার বোল্ড হলেন ‘মি. ওয়াল’ খ্যাত দ্রাবিড়?দ্বিতীয় দিন শেষেও ভারত আক্ষরিক অর্থে ধুকছিল। ৬০৪ রানের জবাব দিতে নেমে ৬১ রানেই ২ উইকেট হারিয়ে বসাকে আপনি আর অন্য কী বিশেষণে বিশেষায়িত করতে পারেন?এর আগে, অস্ট্রেলিয়া পুরো দেড় দিন ব্যাট করে ৭ উইকেটে ৬০৪ রানে করে ইনিংস ঘোষণা করে। অ্যাডিলেডের মাঠে সর্বোচ্চ জুটি গড়ে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক রাখেন এই সংগ্রহে বেশির ভাগ অবদান। পন্টিং-ক্লার্ক দুজনই আউট হন যথাক্রমে ২২১ ও ২১০ রানে। এক ইনিংসে দুই ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করে ফেলার পর বাকিদের আর কিছু দেওয়ার থাকে না। অসিদের অন্য কাউকে দরকারও পড়েনি। তবে শেষ অবধি ব্র্যাড হাডিন ৪২ রানে অপরাজিত ছিলেন। বোলার রায়ান হ্যারিস ছিলেন ৩৫ রানে অপরাজিত। এ ছাড়া এড কাওয়ান ৩০ ও মাইক হাসি ২৫ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে রান দিয়ে ফেলেছেন তিনি অনেক বেশি। ১৬১ রানে তাঁর সংগ্রহ ৩ উইকেট। এ ছাড়া জহির খান ২টি ও উমেশ যাদব ১ উইকেট দখল করেছেন। সূত্র: রয়টার্স।