শেবাগ-গম্ভীরে কারস্টেনের বাড়তি দৃষ্টি
বিশ্বকাপের আগমুহূর্তে ইনজুরি-সমস্যায় ভুগতে হচ্ছে প্রায় সব দলকেই। অনেক দলকেই ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটিতে অংশ নিতে হচ্ছে দলের প্রধান কিছু ক্রিকেটারকে ছাড়াই। এই তালিকার বাইরে নেই ভারতও। একেবারে শেষ মুহূর্তে ইনজুরির কবলে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে ফাস্ট বোলার প্রাভিন কুমারকে। এ অবস্থায় দলের ব্যাটিং আক্রমণের প্রধান দুই সদস্য বীরেন্দর শেবাগ আর গৌতম গম্ভীরের প্রতি বাড়তি নজর দিচ্ছেন কোচ গ্যারি কারস্টেন।মাত্র কিছুদিন আগেই কাঁধের ইনজুরি কাটিয়ে ফিরেছেন বীরেন্দর শেবাগ। গৌতম গম্ভীরও বেশ কিছুদিন ভুগেছেন কনুই ইনজুরির সমস্যায়। বিশ্বকাপকে মাথায় রেখে দুজনই দক্ষিণ আফ্রিকা থেকে আগে-ভাগে ফিরে এসেছিলেন ওয়ানডে সিরিজটা না খেলেই। এখন আবারও যেন কোনোভাবেই তাঁরা নতুন করে ইনজুরির শিকার না হন, সেজন্য তাঁদের ওপর সতর্ক দৃষ্টি রাখছে ভারতের টিম ম্যানেজমেন্ট। গতকাল বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ক্যাম্পে হালকা কিছু অনুশীলন করেছেন ভারতের এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ভারতের বিশ্বকাপ ভরসার প্রতীক শচীন টেন্ডুলকারও ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন নেটে। তবে লিটল মাস্টার বেশির ভাগ সময় কাটিয়েছেন জাতীয় ক্রিকেট একাডেমির জিমনেসিয়ামে।গতকাল বেশ কিছুক্ষণ বোলিং কোচ সিমন্সের কাছে তালিম নিয়েছেন হরভজন সিং, ইউসুফ পাঠান, পীযূষ চাওলাসহ অন্যান্য বোলাররা। উপমহাদেশের স্পিনার-বান্ধব উইকেটের পুরো ফায়দা ওঠাতে একটা বড় ভূমিকা রাখতে হতে পারে যুবরাজ সিংকে। সে জন্য গতকাল ব্যাটিং অনুশীলনের পাশাপাশি বল হাতেও বেশ কিছু সময় কাটিয়েছেন এই বাঁ-হাতি পার্টটাইম অফস্পিনার। টাইমস নিউজ নেটওয়ার্ক।