শেবাগ-টেন্ডুলকারের পর লক্ষ্মণ-ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক এক করে দেখা দিতে শুরু করেছেন ইডেনের নায়কেরা। হরভজন সিং বল হাতে দারুণভাবে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়। এবার ২০০১ কলকাতা টেস্টের আরেক নায়ক ভিভিএস লক্ষ্মণ ইডেনে তুলে নিলেন চতুর্থ সেঞ্চুরি। তাঁর অপরাজিত ১৪৩ রানের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির হার না মানা ১৩২ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সর্বোচ্চ রান তুলে দিল। ৬ উইকেটে ৬৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৬ রান দক্ষিণ আফ্রিকার। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৩৪১ রান তুলতে হবে তাদের। ভারতের জয় এবং সিরিজে সমতা ফেরানো এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। আর এটি হলে র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটিও থেকে যাবে ভারতের কাছে।কাল সারা দিন ৭৭ ওভার হাত ঘুরিয়ে মাত্র একটা উইকেট পেয়েছে দক্ষিণ আফ্রিকান বোলাররা। মরনে মরকেলের বলে জ্যাক ক্যালিসের দারুণ এক ক্যাচে ফিরে গেছেন নাইটওয়াচম্যান অমিত মিশ্র। অবশ্য এই দক্ষিণ আফ্রিকান ফিল্ডাররাই কাল ক্যাচ ফেলেছেন একের পর এক। মিশ্রই বেঁচে গেছেন দুবার। ৫ রানে ক্যালিসের হাতে, ২৫ রানে গ্রায়েম স্মিথের সৌজন্যে। শেষ পর্যন্ত অবশ্য ২৮ রানে বিদায় মিশ্রর। ভাগ্যের সহায়তা পেয়েছেন লক্ষ্মণ, ধোনিও। ৪৮ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে লক্ষ্মণের ক্যাচ ফেলেছেন জেপি ডুমিনি। এই লক্ষ্মণ পরে যোগ করেছেন আরও ৯৫ রান। ২৩ রানে বেঁচে গেছেন ধোনি, পল হ্যারিসের বলে স্লিপে একটুর জন্য ক্যাচটা নিতে পারেননি ক্যালিস। সেই ধোনি পরে যোগ করেছেন ১০৯ রান। ইনিংসে চতুর্থ ভারতীয় হিসেবে পূরণ করেছেন সেঞ্চুরি। দ্বিতীয়বারের মতো চার ভারতীয়র সেঞ্চুরি দেখল এক ইনিংস। ২০০৭ সালে ঢাকা টেস্টে সেঞ্চুরি করেছিলেন দিনেশ কার্তিক, ওয়াসিম জাফর, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার।ক্যাচগুলো নিতে পারলে ম্যাচে এমন কোণঠাসা হতে হয় না দক্ষিণ আফ্রিকাকে। মিশ্র যখন আউট হলেন, ভারতের লিড মাত্র ৮৮ রানের। দ্বিতীয় নতুন বলে চোখ রাঙাচ্ছিলেন ডেল স্টেইন। কিন্তু ভাগ্যকে মুঠোবন্দী করে দলকে রানের পাহাড়ে চড়িয়েছেন লক্ষ্মণ-ধোনি। সপ্তম উইকেটে যোগ করেছেন অবিচ্ছিন্ন ২৫৯ রান। লক্ষ্মণের ১৫তম আর ধোনির চতুর্থ সেঞ্চুরিতে নাগপুরের ইনিংস পরাজয়ের পাল্টা জবাব দেওয়ার পথে এখন ভারত। ‘সেঞ্চুরি’ করেছেন দক্ষিণ আফ্রিকার চার বোলারও। এঁদের মধ্যে ১১৫ রানে ২ উইকেট নিয়ে সবচেয়ে ‘সফল’ মরকেল।