শেবাগ-টেন্ডুলকারের ব্যাটে এগিয়ে ভারত
অকথ্য একটা গালি বের হয়ে গিয়েছিল মরনে মরকেলের মুখ দিয়ে। হয়তো তা মুহূর্তের হতাশা থেকেই, জেপি ডুমিনিকে তো আর গালি দিতে পারেন না! রুদ্রমূর্তিতে আবির্ভূত হওয়া বীরেন্দর শেবাগের সহজ একটা ক্যাচ ছেড়েছেন প্রথম স্লিপে। শেবাগের রান তখন ৪৭। পরে নিজের প্রথম ওভারেই শেবাগকে আউট করেছেন ডুমিনি, কিন্তু ‘প্রায়শ্চিত্ত’ কি করতে পারলেন? শেবাগ যে ততক্ষণে ১৬৫!আরও ১১৮ রান করেছেন এটুকুই তো শুধু নয়। শেবাগ বড় ইনিংস খেললে যা হয়, বোলারদের নিয়ে ছিনিমিনি খেলা আর প্রতিপক্ষের আত্মবিশ্বাস দুমড়েমুচড়ে দেওয়া, কালও হয়েছে তার সবই। ‘প্রায়শ্চিত্ত’ শব্দটিতে তাই আপত্তি থাকতে পারে স্বয়ং ডুমিনিরও। শেবাগের আরেকটি বিধ্বংসী ইনিংসের দিনে স্বরূপে ছিলেন তাঁর ‘আইডল’ও। শচীন টেন্ডুলকার কত দূর যাবেন, এখনো যাঁরা এসব ভাবার ‘দুঃসাহস’ দেখান, তাঁদের যেন আরও একবার জানিয়ে দিলেন ‘সময় নষ্ট করে কী লাভ!’ কাল করলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯২, টেস্টে ৪৭ আর টানা চতুর্থ সেঞ্চুরি। শেষ বিকেলে দ্রুত ৩ উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তার পরও ৫ উইকেট হাতে নিয়ে লিড ৪৬ রানের, ইডেনে টেস্টের নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের হাতেই।দক্ষিণ আফ্রিকার শেষ জুটি সকালে ৪ ওভারে ৩০ রান তুলে কিছুটা হাসি ফুটিয়েছিল স্মিথের মুখে। তবে তা মিলিয়ে দিতে সময় নেননি শেবাগ-গম্ভীর। ৭৩ রানের উদ্বোধনী জুটিটি এসেছে মাত্র ৯.২ ওভারে, এর মধ্যে শেবাগেরই ২২ বলে ৪৪। গম্ভীরের রান আউটের দুই ওভার পর উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুরালি বিজয়, উত্সব করার জন্য দক্ষিণ আফ্রিকাকে এরপর অপেক্ষা করতে হয়েছে ৫৭.৪ ওভার। বরাবরের মতোই আক্রমণাত্মক শেবাগের পাশে আস্থার মূর্ত প্রতীক টেন্ডুলকার। রানসংখ্যায় কিন্তু তারপরও খুব বেশি পার্থক্য নেই, ২৪৯ রানের জুটিতে শেবাগের ১১৯, টেন্ডুলকারের ১০৬।গম্ভীরের রানআউটে একটু থমকে গিয়েছিলেন, ২১ বলে ৪৩ করার পরও তাই শেবাগের ফিফটি করতে বল লাগল ৪১টি। ফিফটির পর আবার রুদ্রমূর্তি, পারনেলকে চার মেরে সেঞ্চুরি ৮৭ বলে। ১২৯ রানের মাথায় সহজ স্টাম্পিংয়ের সুযোগ দিয়েও বেঁচে গেছেন, থেমেছেন ১৬৫ রানে। এই নিয়ে ১৯ সেঞ্চুরির ১৩টিই দেড় শ বা দেড় শ পেরোনো। টানা পাঁচ সেঞ্চুরি করে কিছুদিন আগে ডন ব্রাডম্যানের রেকর্ডকে হুমকিতে ফেলে দিয়েছিলেন গম্ভীর। টেন্ডুলকারের টানা চার সেঞ্চুরিতে গম্ভীরের ভারতীয় রেকর্ডটাই এখন হুমকির মুখে। শেবাগের মতো তাঁর সেঞ্চুরিও পারনেলকে চার মেরে, ১৯১ বলে।তবে তার পরও টেন্ডুলকারের হতাশ হওয়ার অন্তত তিনটি কারণ আছে। আরও একবার সেঞ্চুরিটাকে বড় করতে পারলেন না, আরও একবার পল হ্যারিসের বলে আউট এবং আউট হলেন বড় বাজে সময়ে, শেবাগের পরের ওভারেই। এই দুজনের পর আউট বদ্রিনাথও। ৫ রানে নেই ৩ উইকেট, নতুন বল আর চার ওভার দূরে, স্টেইনদের জন্যও আজ আশা আছে! ওয়েবসাইট।