শেবাগ নেই, ছিলেন তিওয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার কৌতূহল ছিল বীরেন্দর শেবাগকে নিয়ে। আগের ম্যাচেই ২১৯ রানের ‘ঐতিহাসিক’ ইনিংস খেলেছেন। ইন্দোরের দর্শকদের বানিয়েছেন ইতিহাসের সাক্ষী। তবে সেই সৌভাগ্য হলো না চেন্নাইয়ের দর্শকদের। গত ম্যাচেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে বলে ভারতের কাছে এই ম্যাচের গুরুত্ব ছিল না। আর সেই অগুরুত্বপূর্ণ ম্যাচে শেবাগকে খেলিয়ে ইনজুরির ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। সামনেই অস্ট্রেলিয়া সফর। শেবাগ তাই বিশ্রামে গেলেন।আর তাঁর বদলে তাই চোখ গেল ইরফান পাঠানের ওপর। একসময় বিশ্বের ‘সেরা’ অলরাউন্ডার হয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যাওয়া পাঠান ভাইদের ছোটজন প্রায় তিন বছর পর ফিরলেন জাতীয় দলে। সেই ফেরাটা কেমন হলো? প্রথম বলেই লেন্ডল সিমন্সকে এলবিডব্লুর ফাঁদে ফেলে! নিজের তৃতীয় ওভারে ফেরালেন কাইরান পাওয়েলকেও। তবে ইরফানও নন; ভারতের তারকা আসলে মনোজ তিওয়ারি। জাতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি নিজের ষষ্ঠ ওয়ানডেতেই পেয়ে গেছেন আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা। ১২৬ বলে খেলা তিওয়ারির ১০৪, সঙ্গে বিরাট কোহলির ৮৫ বলে ৮০ ভারতকে এনে দেয় ২৬৭ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৩৩ রানে। ১০টি ছক্কায় সাজানো কাইরান পোলার্ডের ১১৯ রানের ইনিংসটিও ম্যাচ বাঁচাতে পারেনি, ভারত জিতেছে ৩৪ রানে। ইরফানের পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন অভিমন্যু মিঠুন ও রবীন্দ্র জাদেজা। তবে শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কার উঠেছে তিওয়ারির হাতেই।শুধু সেঞ্চুরি করেছেন বলেই নয়, তাঁর ইনিংসটার গুরুত্ব বেড়ে যাচ্ছে ভারতের নড়বড়ে শুরুর কারণে। কাল ১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলা ভারত টপ-অর্ডারের একমাত্র অভিজ্ঞ গৌতম গম্ভীরকেও হারিয়েছে দলীয় ৮৪ রানে। এরপরই কোহলিকে নিয়ে তিওয়ারির ১১৭ রানের জুটি। কোনো বোলার নয়, পেশিতে টান পড়ায় স্বেচ্ছা-অবসর নেওয়ায় ভেঙে যায় এই জুটি।