১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ১৬ বছরের এক কিশোরের। এরপর কেটে গেছে ২৩ বছর। এখনো খেলে চলছেন সেই ক্রিকেটার। কাল আরেকটি ১৫ নভেম্বরেই শুরু হওয়া আহমেদাবাদ টেস্টেও আছেন শচীন টেন্ডুলকার। তবে সময়ের পরিক্রমায় ভাটার টান আজ এই ‘ক্রিকেট দেবতা’র ব্যাটে। কাল এক অবিবেচক শট খেলে ফিরলেন মাত্র ১৩ রানেই। টেন্ডুলকার ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে না পারলেও প্রতিশোধের সিরিজে এই বৃত্তটা ভেঙে দিয়েছে ভারতের ওপেনিং জুটি। ২০১০ সালে সেঞ্চুরিয়ন টেস্টের পর আবার শতরানের জুটি গড়েছেন শেবাগ-গম্ভীর। বলে বলে রান তুলে সেঞ্চুরি করেছেন শেবাগ। প্রায় দুই বছর পর টেস্ট সেঞ্চুরি পাওয়া শেবাগ ১১৭ বলে ১১৭ রান করে আউট হয়েছেন। এটি তাঁর ২৩তম টেস্ট সেঞ্চুরি। গম্ভীর ৪৫ রানে আউট হলেও তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা অপরাজিত আছেন ৯৮ রানে। জেমস অ্যান্ডারসনের করা দিনের শেষ বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে ২ রান দূরে দাঁড়িয়ে আছেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। তাঁর সঙ্গী যুবরাজ অপরাজিত ২৪ রানে। প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩২৩ রান তুলেছে ভারত, ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের নিয়ন্ত্রণ আপাতত ধোনির দলের হাতেই। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ভারতকে ২৯.৫ ওভারে ১৩৪ রান এনে দেয় শেবাগ-গম্ভীরের উদ্বোধনী জুটি। এই নিয়ে ১১টি শতরানের উদ্বোধনী জুটি হলো দিল্লির দুই ব্যাটসম্যানের। গাভাস্কার-চেতন চৌহানের ১০ সেঞ্চুরির রেকর্ডকে টপকে তাঁরা দুজন গড়লেন নতুন ভারতীয় রেকর্ড। কাল ভারতের ৪টি উইকেটই নিয়েছেন গ্রায়েম সোয়ান। জিম লেকারকে (১৯৩) ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বকালের দ্বিতীয় সেরা উইকেটশিকারি এখন সোয়ানই (১৯৬)। ২৯৭ উইকেট নিয়ে এই অফ স্পিনারের ওপরে আছেন শুধু ডেরেক আন্ডারউড। ওয়েবসাইট। শেবাগ বচনম্যাচের পুরো নিয়ন্ত্রণ ভারতের হাতে উঠে গেছে কি না এমন প্রশ্নে শেবাগ দিন শেষে বলেছেন, ‘আমি তা মনে করি না। আমাদের ২০টি ইংলিশ উইকেট ফেলতে কঠিন পরিশ্রম করতে হবে। তারা বাংলাদেশ বা ওরকম কোনো দল নয়, খুবই ভালো দল, এই মুহূর্তে ২ নম্বর।’