শেবাগকে চ্যাপেলের কলমের খোঁচা
পুরোনো ভূত নতুন করে তাড়া করল ভারতীয় শিবিরে। গ্রেগ চ্যাপেলের কলমের খোঁচায় ক্ষতবিক্ষত বীরেন্দর শেবাগ। দ্য হিন্দুতে লেখা কলামে চ্যাপেল প্রশ্নবিদ্ধ করেছেন শেবাগের আচরণ, ক্রিকেট-দর্শন ও কাজের ধরনকে। ভারতের কোচ থাকার সময়টায় তাঁর সবচেয়ে বড় হতাশা ছিলেন শেবাগ। উদাসীন মনোভাবের কারণেই শেবাগ তাঁর দৈব প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার করতে পারছে না, দাবি চ্যাপেলদের মেজো ভাইয়ের।২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ভারতের কোচ ছিলেন চ্যাপেল। ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়টা নানা কারণে আলোচিত-সমালোচিত ভারতীয় ক্রিকেটে। শেবাগের ক্যারিয়ারও তলানিতে গিয়ে ঠেকেছিল সেই সময়। ২০০৭ বিশ্বকাপের পর তো জায়গাই হারিয়েছিলেন দলে। পরে আবার ফিরেছেন দোর্দণ্ড প্রতাপে। তবে এখন আবার চলছে দীর্ঘ ফর্ম-খরা। সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছেন প্রায় দুই বছর আগে, দেশের বাইরে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি প্রায় ৫ বছর আগে। এ বছর ৮টি ওয়ানডে খেলে ফিফটি মোটে একটি, তিনটি টি-টোয়েন্টি দুই অঙ্ক ছুঁয়েছেন একবার। সাম্প্রতিক সময়ে তাঁর ফিটনেস ও ফিল্ডিং টিম ম্যানেজমেন্টের মাথাব্যথার কারণ হয়েছে অনেকবার। চ্যাপেলের কলাম এই প্রেক্ষাপটেই। স্মৃতি খুঁড়ে নিজের সময়টায় ফিরে লিখেছেন কথা, ‘শুধু যদি বলি আমার সময়ের অন্যতম বড় হতাশা ছিল শেবাগ, তবুও কম বলা হয়। দুঃখজনকভাবে ও এখনো হতাশ করেই যাচ্ছে। প্রকৃতিপ্রদত্ত প্রতিভা অপচয় করে যাচ্ছে ও, কিন্তু এতে সবচেয়ে কম ভাবনা যেন শেবাগের নিজেরই। কোচ হওয়ার পর আমি দ্রুতই যেটা বুঝতে পেরেছিলাম যে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে শিখরে পৌঁছানোর জন্য নিবেদন নেই শেবাগের। মাঠে নেমে যা হয় তাতেই সে খুশি থাকে। কোনোভাবেই এই নির্লিপ্ত মনোভাব থেকে ওকে বের করতে পারিনি আমি।’ বড় রকমের কোনো ব্যাড ম্যাচের মুখোমুখি হলেই নাকি কেবল কিছুটা পরিশ্রমের পথ বেছে নেন শেবাগ, ‘খুব বেশি প্রতিভাবানদের অনেকের ক্ষেত্রেই এটা হয়। অনেক কিছু যেহেতু আপনা-আপনিই পেয়ে গেছে, স্কিলের জন্য পরিশ্রম করতে হয়নি, বীরু জানেই না কীভাবে সুশৃঙ্খল ট্রেনিংয়ে কীভাবে নিবেদিত হতে হয়। খুব বাজে ফর্ম হলেই কেবল অনুশীলনে বাড়তি কিছু করার চেষ্টা করে ও। রান পেলেই আবার পুরোনো অভ্যাসে ফিরে যায়।’চ্যাপেলের দাবি, শেবাগের স্বার্থপর ব্যাটিং অনেক সময়ই দলের পরাজয়ের কারণ হয়েছে, ‘বিস্ময়কর ব্যাপার হলো ৫০ ওভারের ক্রিকেটে বীরু যখনই রান পেয়েছে, ভারত প্রায়ই হেরেছে। বৃহত্তর বা দলীয় ভাবনার চেয়ে নিজের স্ট্রাইক রেটের দিকেই বেশি দৃষ্টি থাকত ওর। অনেক সময় প্রথম বল থেকেই শট খেলা শুরু করত এবং চলতেই থাকত আউট না হওয়া পর্যন্ত। দল যখন তাঁর কাছে বড় কিছু চায়, তখনই আউট হয়ে যেত।’ ওয়েবসাইট।