শেবাগকে নিয়ে গাঙ্গুলী যা বললেন...
ইংল্যান্ডের কাছে টেস্টে সিরিজে হার, পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ ড্র এবং ওয়ানডে হার। এগুলো নিজ দেশে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স। এর ফলে দলের অধিনায়ক পরিবর্তনসহ নানা কথাও উঠছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য বাদ দেওয়া হয়েছে বীরেন্দর শেবাগকে।তবে শেবাগের এই বাদ পড়ায় তাঁর ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে গেছে—এমনটা মনে করেন না সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। গাঙ্গুলী বলেন, ক্রিকেটকে দেওয়ার এখনো অনেক কিছু আছে শেবাগের।আজ বুধবার কোচিতে দেশটির বেসরকারি একটি খবরের চ্যানেলের সঙ্গে কথা বলেন গাঙ্গুলী। ক্রিকেট নিয়ে তাঁকে নানা প্রশ্ন করা হয়। দল থেকে বাদ পড়ায় শেবাগের ওয়ানডে ক্যারিয়ার শেষ কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতের অন্যতম সফল এই অধিনায়ক বলেন, ‘এভাবে বলা যায় না। এখনো তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব বলে আমি মনে করি। একদিনের ক্রিকেটে এত ভালো করা শেবাগকে ভুলে যান। আমাদের কেবল অপেক্ষা করতে এবং দেখতে হবে।’মহেন্দ্র সিং ধোনিকে শুধু টেস্ট অধিনায়ক হিসেবে রাখা ঠিক হবে কি না, এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলী বলেন, ‘নির্বাচকেরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ পিটিআই