শেবাগের অস্বীকার
টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়তে আগ্রহী বীরেন্দর শেবাগ! ভারতীয় একটি দৈনিক এ খবর প্রকাশ করেছিল। তবে শেবাগ গতকাল বৃহস্পতিবার দাবি করেছেন, খবরটা সত্যি নয়।‘আরেকটা ভিত্তিহীন খবর! কোনো ধরনের ফরম্যাটের কোনো ম্যাচেই আমাকে বিশ্রাম দেওয়ার অনুরোধ করিনি আমি।’ সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন শেবাগ।ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে খবর প্রকাশ করেছিল, বোর্ডের কাছে লিখিত চিঠির মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন শেবাগ।বোর্ডের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, শেবাগ আর টি-টোয়েন্টির প্রতি আগ্রহী নন। এখন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে পূর্ণ মনোনিবেশ করতে চান তিনি। টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্তের কারণ হিসেবে নিজের ফিটনেস ও অত্যধিক চাপকে উল্লেখ করেছেন শেবাগ।সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলানো হয়নি শেবাগকে। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন বলে খবর বেরিয়েছিল। শেবাগ নাকি অনুশীলন পর্যন্ত বর্জন করেছিলেন। তবে বোর্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওই দুই ম্যাচে না খেলানোর সঙ্গে শেবাগের টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্তের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, ‘দলের চাহিদা সম্পর্কে যথেষ্টই অভিজ্ঞতা রয়েছে শেবাগের। দলের ম্যানেজমেন্টের সিদ্ধান্তে প্রশ্ন তোলার মতো ক্রিকেটার তিনি নন। কেবল আত্মকেন্দ্রিক কেউই এ ধরনের প্রশ্ন তুলতে পারে।’ সূত্র: পিটিআই।