শেবাগের চুইংগাম বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে বীরেন্দর শেবাগকে ঝড় তুলতে অনেক দেখেছেন। কিন্তু মাঠের বাইরের ‘শেবাগ-ঝড়’ সম্পর্কে কোনো ধারণা কি আছে? না থাকলে পড়ুন— প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে কী ভাবছেন?— ওয়ানডেতে হয়তো তারা কখনো কখনো চমক দিতে পারে কিন্তু টেস্টে নয়। এই দলটা খুবই ‘অর্ডিনারি।’ মানে, আপনি বিশ্বাস করেন না বাংলাদেশ আপনাদের হারাতে পারে, বা চমকে দিতে পারে?— না, মোটেই না। ‘অর্ডিনারি’ বলতে কোনো নির্দিষ্ট দিকের কথা বলছেন, মানে ব্যাটিং কিংবা বোলিং?— ব্যাটিং বা বোলিং কোনো ব্যাপার না, সব মিলিয়েই তারা স্রেফ ‘অর্ডিনারি।’টেস্টে বড় দলগুলোকে বাংলাদেশ ভোগাতে পেরেছে, এই ইতিহাস খুব বেশি নেই। তারপরও প্রতি সিরিজের আগে অন্তত ভদ্রতা করে হলেও প্রতিপক্ষরা বলে, ‘বাংলাদেশকে আমরা হালকাভাবে নিচ্ছি না’, ‘তারা উন্নতি করছে’, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার? মাঠে কী হবে তা পরের কথা, মাঠে নামার আগে বাংলাদেশকে স্রেফ ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন ‘বীরু।’ ভাবছেন, শুধু কথা দিয়েই উড়িয়ে দিয়েছেন? ভুল।তাঁর প্রতিটি পদক্ষেপ, আচরণ, প্রতিটি ভঙ্গি বলছিল বাংলাদেশকে পাত্তাই দিচ্ছে না টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত। সংবাদ সম্মেলনে এলেন ঝড়ের গতিতে, একেকটি প্রশ্ন ছুটে যাচ্ছিল আর শেবাগ উত্তর দিচ্ছিলেন কাঁটা-কাঁটা, মাত্র দুই-তিন শব্দে, যেন দুর্দান্ত সব স্কয়ার কাট-কাভার ড্রাইভ করে চোখের পলকে সীমানা ছাড়া করছেন বল। বাংলাদেশকে নিয়ে বিন্দুমাত্র টেনশন কিংবা ভাবনা নেই। শেবাগের ‘বাণী’কে অনেকে ভাবতে পারেন সিরিজ শুরুর আগে প্রতিপক্ষকে কথা দিয়ে ঘায়েল করার অস্ট্রেলীয় কায়দা। কিন্তু দুদলের ব্যবধান যখন এতটা, তখন কি আর মাঠের বাইরের কায়দার প্রয়োজন আছে?বাংলাদেশকে পাত্তা না দেওয়ার অনেক কারণই আছে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল খেলছে নয় নম্বর দলের বিপক্ষে। দুই দেশের পাঁচটি টেস্টের একটিতেই কেবল ড্র করতে পেরেছে বাংলাদেশ, সেটিও বৃষ্টির উপহার। সেই অভিষেক টেস্টেই যা একটু, এ ছাড়া আর কোনো টেস্টে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি বাংলাদেশ। শেবাগ তাঁর কথায় দুর্বল বাংলাদেশের ওপর ভারতের শক্তিমত্তার ধ্বজা ওড়ালেন, ‘আমাদের ব্যাটিং লাইনআপ দুর্দান্ত। বাংলাদেশের যা বোলিং, আমার তো মনে হয় না, আমাদের দুবার অলআউট করার সামর্থ্য তাদের আছে। সম্প্রতি শ্রীলঙ্কাই পারেনি। এই বোলিং আক্রমণ নিয়ে বাংলাদেশের জন্য কাজটি হবে সত্যিই কঠিন। এটা অতিরিক্ত আত্মবিশ্বাসের ব্যাপার না, আমাদের ব্যাটসম্যানদের ওপর আমার বিশ্বাস আছে।’তবে যে বাংলাদেশকে এতটা অবজ্ঞা কিংবা তাচ্ছিল্য করা হলো, সেই বাংলাদেশের বিপক্ষেই টেস্টে শেবাগের রেকর্ডটা বলার মতো নয়। টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল এবং আর চারটি ডাবল সেঞ্চুরির মালিক বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলে করতে পেরেছেন মাত্রই ২৩ রান। এই প্রসঙ্গ তুলতেই প্রথমবারের মতো ব্যাকফুটে শেবাগ, একটু যেন নেমে গেল গলার স্বরটাও, ‘হ্যাঁ, আমি এবার চেষ্টা করব বড় স্কোর গড়তে। বাংলাদেশের বিপক্ষে ভালো করাটা এবার আমার জন্য একটা চ্যালেঞ্জ।’হ্যাঁ, ভুল শোনেননি, ‘চ্যালেঞ্জ’। যে দলকে গোনায় ধরছেন না, তাদের বিপক্ষে ভালো করাটাই এখন শেবাগের চ্যালেঞ্জ। ‘অর্ডিনারি’ দল, নাকি ‘চ্যালেঞ্জ’; কোনটা শেবাগের মনের কথা কে জানে! তবে ভারতীয় দলের প্র্যাকটিসে কাল হেলাফেলার কোনো ছায়া ছিল না। নেটে অনেকক্ষণ ধরেই ব্যাটিং করলেন টেন্ডুলকার, লক্ষ্মণ, গম্ভীররা। ইশান্ত, শ্রীশান্ত, মিশ্ররাও যথেষ্ট ঘাম ঝরালেন। অথচ এই অনুশীলন শেষেই ওই চেহারা শেবাগের! এমনভাবে প্রতিটি প্রশ্নে উত্তর দিচ্ছিলেন, যেন বাংলাদেশকে হারানো ক্রিকেট মাঠে চুইংগাম চিবানোর মতোই সহজ।শেবাগ ভুল বললেন না ঠিক, সেটা প্রমাণের দায়ভার এখন সাকিব আল হাসানদের হাতেই।