শেবাগের টানা পাঁচ
রেকর্ড করেছেন বীরেন্দর শেবাগ, টি-টোয়েন্টিতে টানা ফিফটির রেকর্ড। পরশু জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭৩ রান করে দলকে ৬ উইকেটে জিতিয়েছেন, পেয়েছেন পাঁচ ম্যাচে পঞ্চম ফিফটি। ফলে পেছনে পড়ে গেল কেন্টের জো ডেনলি (২০০৮), কুইন্সল্যান্ডের লি কারসেলডাইন (২০০৯) ও সমারসেটের মার্কাস ট্রেসকোথিকের (২০১০) টানা চার ফিফটির রেকর্ড। হার দিয়েই আইপিএলে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের। পরশু তাঁর দল পুনে ওয়ারিয়র্স ১৩ রানে হেরেছে পয়েন্ট টেবিলের তলানির দল ডেকান চার্জার্সের কাছে। কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (১৫৮/৫) ৪ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব (১৬৩/৬)। ৪২ বলে ৭১ রান করেন বেঙ্গালুরুর ক্রিস গেইল। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পাঞ্জাবের আজহার মাহমুদ। কটকে ৪ উইকেটে ১৮৬ রান করেছিল নবম ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া ডেকান। তৃতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েছিলেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা (৫২ বলে ৮২) ও ক্যামেরন হোয়াইট (৪৫ বলে ৭৪)। জবাবে পুনে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করতে পারে।দিল্লির বিপক্ষে ৬ উইকেটে ১৪১ রান করেছিল রাজস্থান। বাঁহাতি স্পিনার পবন নেগি ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন, হয়েছেন ম্যাচসেরা। এরপর অধিনায়ক শেবাগের ৩৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংসের কল্যাণে ২৮ বল হাতে রেখেই জিতে যায় দিল্লি। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিল্লিই। ওয়েবসাইট।