শেবাগের দুই স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৬ টেস্টে ১৯ সেঞ্চুরি, ৫৩.৫২ গড়ে ৬৬৯১ রান, ‘৫০’ গড়কে যদি টেস্টে ‘গ্রেট’ ব্যাটসম্যানের মাপকাঠি ধরা হয়, বীরেন্দর শেবাগ গ্রেট হয়ে গেছেন অনেক আগেই। কিন্তু ‘ব্যাটসম্যান শেবাগ’কে তো আর স্রেফ পরিসংখ্যান দিয়ে বোঝানো যায় না। চোখধাঁধানো সব শট খেলে বোলারদের যেভাবে ধ্বংস করেন, কাঠখোট্টা পরিসংখ্যানের সামর্থ্য কোথায় সেটি তুলে ধরার! এই সব অর্জনই কিন্তু ওপেনিংয়ে ব্যাট করতে নেমে। অথচ সেই শেবাগই বলছেন, ‘চার নম্বরে ব্যাটিং করতে পারলে মন্দ হতো না!’দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে ভারতীয় দল এখন জয়পুরে। সেখানেই নিয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট পারফরমারের পুরস্কার। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর মুম্বাইয়ে খেলা ২৯৩ রানের বিধ্বংসী ইনিংসটির স্বীকৃতি পাওয়ার দিনে পেয়েছেন আরেকটি সুখবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে দুই সেঞ্চুরিতে উঠে গেছেন আইসিসি টেস্ট ব্যাটিংয়ের র্যাঙ্কিং শীর্ষে। জয়পুরেই জানালেন মিডল অর্ডারে ব্যাট করার ইচ্ছের কথা, ‘মিডল অর্ডারে ব্যাট করতে আমার সত্যি ভালো লাগবে, চারে হলে তো কথাই নেই। দেড় দিন টানা ফিল্ডিং করার পর ১০ মিনিটের মধ্যে আবার ব্যাটিং ওপেন করতে নামাটা খুবই কঠিন। ধোনির মতো ছয়ে নামলে অনেকটা সময় বিশ্রাম পাওয়া যায়। টপ অর্ডারে আমি যথেষ্ট সফল, কিন্তু কে জানে, হয়তো মিডল অর্ডারে আরও বেশি সফল হতাম!’ টেস্ট পরিসংখ্যান তো শুরুতেই বলা হয়েছে, এর সঙ্গে যোগ করুন স্ট্রাইক রেট ৮০.৮৭, বিশ্বের তাবত বোলাররা খুশি হতে পারেন যে শেবাগ ওপেনার। সত্যি সত্যি যদি মিডল অর্ডারে আরও সফল হতেন, তাহলে বোলারদের অবস্থাটা কী হতো!শেবাগের শুরুটা কিন্তু ওপেনার হিসেবে নয়। মিডল অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনটাও পারেন—১৯৯৯ সালে ভারতের ওয়ানডে দলে অভিষেক এই পরিচয়েই। ২০০১ সালের শ্রীলঙ্কার কোকাকোলা কাপে শচীন টেন্ডুলকারের ইনজুরির সুযোগে ওপেন করতে নেমে প্রথম তিন ম্যাচে ৩৩, ২৭ ও ০ করার পর চতুর্থ ম্যাচেই করেন ৭০ বলে সেঞ্চুরি। এর পরও ৭টি ম্যাচ মিডল অর্ডারে খেলেছেন, কিন্তু মারমুখী ব্যাটিংয়ের জন্য হয়ে ওঠেন ওপেনার, সর্বশেষ ১৯৫ ওয়ানডেতে ওপেনই করেছেন। ২০০১ সালে টেস্ট অভিষেকের সেঞ্চুরিটাও মিডল অর্ডারে, প্রথম ৫ টেস্টে ৬ ও ৭ নম্বরে ব্যাটিং করার পর টেস্টেও হয়ে ওঠেন ওপেনার। চার নম্বরে ব্যাট করতে চান, কিন্তু জায়গাটা তো যাকে আদর্শ মেনে বড় হয়েছেন, সেই শচীন টেন্ডুলকারের জন্য বাধা। শেবাগের স্বপ্নও তাই বাস্তবমুখী, ‘জানি শচীন অবসর নেওয়ার আগে আমি চারে সুযোগ পাব না, তবে আমি অপেক্ষা করতে রাজি।’ মিডল অর্ডারে ফেরার পাশাপাশি জানিয়েছেন আর একটি স্বপ্নের কথাও, ‘আমি ১০০ টেস্ট খেলতে চাই। যখন এটা হয়ে যাবে, হয়তো টেস্ট থেকে অবসরও নিয়ে ফেলতে পারি।’ম্যাচের পরিস্থিতি-অবস্থা বোঝেন না, একটু বেশিই ঝুঁকি নেন—অনেকের এই অভিযোগের জবাবও দিয়েছেন শেবাগ, ‘মানুষ বলে আমি নাাকি বেশি ঝুঁকি নিই। কিন্তু সত্যিটা হলো, ঝুঁকি কিন্তু প্রতিটি শটেই থাকে। বল ঠেকাতে গিয়েও তো অনেকে আউট হয়। আমার তো মনে হয় আমি রক্ষণাত্মক খেললেই ঝুঁকি বেশি। কারণ আমার টেকনিক ভালো নয়। আমার চিন্তার ধরনটাই আসলে ভিন্ন, ছোট থেকেই আমি প্রতি বলে রান নিতে চেয়ে এসেছি। যতক্ষণই উইকেটে থাকি, চাই যত বেশি সম্ভব রান করতে।’ সবশেষে যা বলেছেন, তাতে গা হিম হয়ে যেতে পারে বিশ্বের তাবত বোলারের, ‘আমার বয়স মাত্র ৩১, আগামী তিন-চার বছর আমি আরও ভালো খেলব!’ ওয়েবসাইট।