শেবাগের পক্ষে সাবেকেরা
বীরেন্দর শেবাগের ওপর আস্থা নেই ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এর প্রমাণ, সর্বশেষ দুই ম্যাচে শেবাগকে ছাড়া খেলেছে ভারত। তবে পাকিস্তানের বিপক্ষে আজ রাতে ভারতের বাঁচা-মরার ম্যাচে ড্যাশিং এই ব্যাটসম্যানকে দলে রাখার পক্ষে মত দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।শেবাগকে সমর্থন করে ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বলেছেন, এ ম্যাচে শেবাগের বিকল্প নেই। কারণ, পাকিস্তানের বিপক্ষে তাঁর সফলতা অনেকটা ব্রাডম্যানের মতো।শাস্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস ও শোয়েব আখতার। তাঁরাও মনে করেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শেবাগকে খেলানো উচিত ধোনির। শোয়েব বলেন, শেবাগকে খেলানো হলে ধোনিই উপকৃত হবেন। মাঠের ভেতরে ধোনি নন, চাপে থাকবেন শেবাগ।অবশ্য সাবেকেরা যা-ই বলুন না কেন, শেবাগের ব্যাপারে এখনো আগের অবস্থানেই আছেন ধোনি। অর্থাত্ টি-টোয়েন্টিতে ফর্ম-খরায় ভোগা শেবাগকে ছাড়াই খেলবে ভারত। ধোনির কথাবার্তাতেও ব্যাপারটা স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেবাগকে না খেলানোর কারণ জানতে চাওয়া হলে ধোনি বলেছিলেন, ‘আমাদের হাতে মাত্র দুটি বিকল্প রয়েছে। কারও নাম ধরে কথা বলতে চাই না। আমরা এমন একজনকে চেয়েছিলাম, যে এই ফরম্যাটে ভালো। শেবাগকে কেন বাদ দেওয়া হয়েছে, এটা ব্যাখ্যা করা কঠিন।’মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি শেবাগের। টেস্ট, ওয়ানডে থেকে শুরু করে আইপিএলের টি-টোয়েন্টি—সবখানেই মারমুখী তিনি। ব্যতিক্রম কেবল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেবাগের স্ট্রাইক রেট অবশ্য মন্দ নয়, ১৪৯.৩৫। কিন্তু ১৭ ম্যাচের ১৬ ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি। ২১.৭৫ গড়ে রান মাত্র ৩৪৮।