শেবাগের পাঁজর তাক করছেন জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইয়ের ভেতর থাকে অনেক খণ্ড লড়াই। আজ বীরেন্দর শেবাগ আর মিচেল জনসনের মধ্যকার লড়াইটাও যেন আগুন ছড়াচ্ছে। জনসন তো শেবাগকে দ্রুতই বিদায় করে দেওয়ার জন্য একরকম প্রতিজ্ঞা করেই মাঠে নামছেন।অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জানেন, ভারতের রানের চাকা থামাতে হলে শুরুতেই থামাতে হবে শেবাগ-ঝড়। আর শেবাগের দুর্বলতাটাও তাঁর ভালো জানা, বল ছুড়তে হবে পাঁজর বরাবর। অতীতে এই অস্ত্র ব্যবহার করেই শেবাগের বিপক্ষে বারবার সফল হয়েছেন জনসন। এ পর্যন্ত মোট ১৮ ম্যাচে মুখোমুখি হয়ে ৯ বারই ভারতীয় ওপেনারের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন।এই উজ্জ্বল অতীতই আজ জনসনের চোখকে চকচকে করে তুলছে, ‘সত্যি বলতে, আমি ওর পাঁজর লক্ষ্য করে বল করতে দ্বিধা করব না। এই বলে তাকে হিমশিম খেতে দেখা যায়। এ রকম একজনের বিপক্ষে বল করাটা সব সময়ই দারুণ চ্যালেঞ্জ। তার পায়ের কাজ ভালো না। কিন্তু সে জোরে শট খেলতে পারে। ম্যাচে এটা খুব ভালো শুরু হবে যদি আমরা প্রথম দিকেই তাকে ফিরিয়ে দিতে পারি।’লড়াইটা যদি সত্যিই শেবাগের বিপক্ষেই হয় তো এই লড়াইয়ে জনসন জিতে যেতে পারেন মাঠে নামার আগেই! চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলেননি শেবাগ। প্রথমে ‘শেবাগ সুস্থ’ খবর পাওয়া গেলেও আবার দেখা দিয়েছে সংশয়। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নাও খেলতে পারেন শেবাগ। তবে এই সংশয় উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত মাঠে যদি নামেনই, শেবাগও নিশ্চয়ই জনসনের ফাঁদে পা না দিয়ে উল্টো তুলাধোনাই করতে চাইবেন।শেবাগ ঝুঁকি নিতে ভালোবাসেন। এই বিশ্বকাপে ঝুঁকিটা একটু বেশিই নিতে দেখা যাচ্ছে শেবাগকে। পাঁচ ম্যাচ খেলে করেছেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৩২৭ রান। পাঁচ ম্যাচেই শেবাগ শুরু করেছেন প্রথম বলেই চার মেরে। এদিক থেকেও সতর্ক অস্ট্রেলিয়া। ‘বোলারদের মিটিংয়ে আমি জানতে চেয়েছিলাম, কতবার সে প্রথম বলেই চার মেরে রানের খাতা খুলেছে। সে আসলেই দ্রুত রান পেতে চায়। সে বিপজ্জনক খেলোয়াড়। যত দ্রুত পারি আমরা তাকে ফিরিয়ে দিতে চাইব। আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকব এবং আমরা ভালো করেই জানি তার বিপক্ষে আমাদের কোন কাজগুলো করতে হবে’—বলেছেন ৬ ম্যাচে ১০ উইকেট নেওয়া জনসন। ওয়েবসাইট।