শেবাগের ব্যাট আবারও
শ্রীলঙ্কা মানেই যেন বীরেন্দর শেবাগের আরেকটি বড় ইনিংস। বিষয়টি অভ্যাসেই পরিণত করে ফেলেছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। গত বছরের নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি ইনিংসে ব্যাট করেছেন। ছয় ইনিংসেই কমপক্ষে ফিফটি! তিনটি সেঞ্চুরি, তিনটি ফিফটি...ফিফটির সংখ্যা অবশ্য আজ কমে যেতে পারে একটি! তাতে শেবাগের মন খারাপ করার কথা নয়। ফিফটি একটি কমে যাওয়া মানেই তো সেঞ্চুরি একটি বেড়ে যাওয়া!এ রকম পরিস্থিতিতেই কাল মাঠ ছেড়েছিলেন। ‘ফিফটি’টিকে সেঞ্চুরি বানিয়ে ফেলতে দরকার মাত্র তিনটি রান। ৯৭ রানে অপরাজিত শেবাগের সঙ্গী শচীন টেন্ডুলকার। নিজের রেকর্ড টেস্টটাকে স্মরণীয় করে রাখার পূর্বাভাস দিচ্ছে তাঁর ব্যাটও। ৪০ রানে অপরাজিত ‘লিটল মাস্টার’। কলম্বো টেস্টেও পাওয়া যাচ্ছে জমাট লড়াইয়ের পূর্বাভাস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪২৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারত ২ উইকেটে তুলেছে ১৮০।৮৭ বলের শেবাগ-সুলভ ইনিংসটাতে ১৭টি চার রয়েছে। ক্যারিয়ারের ২১ নম্বর সেঞ্চুরিটা আজ সাতসকালেই হয়ে যাওয়ার কথা। অবশ্য আগের ইনিংসেই ৯৯ রানে আউট হওয়ার কথা মনে করে শেবাগ কি একটু মানসিক চাপে থাকবেন? তাঁর যে মেজাজ, তাতে মনে হয় না ‘চাপ’ শব্দটা শেবাগের অভিধানে আছে। কালও যেমন ইনিংসের খাতা খুলেছেন ভেলেগেদারাকে পরপর তিনটি চার মেরে! ৪৪ বলে ফিফটি পূর্ণ করেছেন, সেটিও চার মেরেই। ৫২ রানে অবশ্য জীবন পেয়েছেন একবার। অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরতি ক্যাচটা নিতে পারেননি। আরেকবার একটুর জন্য বেঁচে গেছেন রান আউট থেকে। থার্ড আম্পায়ার ‘নট আউট’ জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়েছে টেস্টে তাঁর ৭০০০ রান।শেবাগে ভর করেই পাল্টা আক্রমণ চালাচ্ছে ভারত। না হলে ৯২ রানে ২ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল তারা। অবশ্য চাপে ফেলে দেওয়ার কাজটি বোলারদের আগে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাই করেছিলেন। ‘ব্যাটসম্যানরা’ না বলে অবশ্য শুধু থিলান সামারাবীরার কথা বলাই উচিত। ৪ উইকেটে ২৯৩ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা অলআউট হওয়ার আগে আরও ১৩২ রান যোগ করেছে তাঁর সৌজন্যেই। ৬৫ রান নিয়ে দিন শুরু করা সামারাবীরা শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ১৩৭ রানে। ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরির পরও শেবাগের আলোকছটায় তিনি ম্লান। কাল দিনশেষে সংবাদ সম্মেলনে আসা সামারাবীরার কথা শুনে অবশ্য মনে হলো, শেবাগের-গ্রহণে ঢাকা পড়ে তিনি খুশিই!‘কী বলব, ও এমনভাবে খেলা শুরু করল, যেন অন্য আরেকটা উইকেটে খেলছে’—ব্যাটিংয়ের জন্য এই উইকেট যে সহজ নয়, সেটি মনে করিয়ে দিয়ে শেবাগের পিঠই চাপড়ে দিলেন সামারাবীরা। ওয়েবসাইট।