শেবাগের ব্যাটে ‘ডাবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালিয়র থেকে ইন্দোর। ২০১০-এর ফেব্রুয়ারি থেকে ২০১১-এর ডিসেম্বর। সময়ের দূরত্বে প্রায় দুই বছর হলেও দুই শহরের ব্যবধান ৫০০ কিলোমিটারেরও কম। মধ্যপ্রদেশের এক শহর প্রথমে দেখেছিল ২০০ রানের এক ইনিংস। শচীন টেন্ডুলকার, যোগ্যতম লোকটির হাতেই ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটি হয়েছিল। সেই মধ্যপ্রদেশেই কাল টেন্ডুলকারেরই উত্তরসূরি বীরেন্দর শেবাগ করলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি!একমাত্র ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতক রানের ইনিংস খেলা শেবাগ এক দিক দিয়ে ছাপিয়ে গেলেন টেন্ডুলকারকেও। ঠিক ২০০ রানে থামতে হয়েছিল টেন্ডুলকারকে। ১৪৯ বলে রেকর্ড ২৫টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে শেবাগ-ঝড় থেমেছে ২১৯ রানে। এটাই এখন ওয়ানডের সর্বোচ্চ ইনিংস।গৌতম গম্ভীরকে নিয়ে উদ্বোধনী জুটিতেই ১৭৬ রান এনে দেওয়া আর গম্ভীরের বিদায়ের পর রায়নার সঙ্গে ১৪০ রান যোগ করা শেবাগ কাল ভারতকে তুলে দিয়েছেন রানপাহাড়েও। সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা ভারত ৫ উইকেটে করে ৪১৮ রান। ভারতের রেকর্ড স্কোরের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৬৫ রানে। ম্যাচ জয়ের সঙ্গে নিশ্চিত ভারতের সিরিজ জয়ও। সর্বোচ্চ ৯৬ রান করেছেন রামদিন। ‘শেবাগের ম্যাচে’ অভিষিক্ত লেগ স্পিনার রাহুল শর্মা ৪৩ রানে ৩ উইকেট নিয়ে আলাদা করে নজর কেড়েছেন।ওয়ানডে ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিটি পেতে অপেক্ষা করতে হয়েছিল প্রায় চার দশক। কিন্তু দ্বিতীয়টি পেতে দুই বছরও অপেক্ষা করতে হলো না। শেবাগ নিজের মতো খেলে ৫০ ওভার টিকলে যেকোনো দিন রেকর্ডটা ভেঙে যাবে—এই ভবিষ্যদ্বাণী অনেকেই করেছিলেন। ৫০ ওভার লাগেনি, তার আগেই নতুন রেকর্ড গড়ে কাল কাইরন পোলার্ডের বলে আউট হলেন ৪৭তম ওভারে।২০০তম রানের দেখা পেতে টেন্ডুলকারকে অপেক্ষা করতে হয়েছিল একদম শেষ বল পর্যন্ত। সেখানে শেবাগ ডাবল সেঞ্চুরি পেয়েছেন ৪৪তম ওভারেই। একপর্যায়ে ঝুঁকিমুক্ত সিঙ্গেলসেই বেশি উৎসাহী ছিলেন। তখনই বোঝা গেছে, টেন্ডুলকারের ইনিংসটি চলে যাচ্ছে ইতিহাসের পাতায়। মনে হয়েছিল আরও একবার। যখন রামপলের বলে ক্যাচ ফেলেছেন ড্যারেন স্যামি। শেবাগের রান তখন ১৭০। অবশেষে আন্দ্রে রাসেলের করা ৪৪ ওভারের তৃতীয় বলে থার্ডম্যান দিয়ে চার মেরে পূর্ণ করেছেন ২০০।মাঝবিরতিতে শেবাগ বলেছেন, শুরুতে ডাবল সেঞ্চুরি তাঁর মাথায় ছিল না, ‘তবে ১৭০ রানে ক্যাচ পড়ার পর মনে হয়েছিল, ঈশ্বর আজ আমার সঙ্গে আছে।’টি-টোয়েন্টির জমানায় শেবাগের এই রেকর্ড কত দিন টেকে সেটাই দেখার। এখন পর্যন্ত ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাটিং করা হয়নি শেবাগের নিজেরই। আর কোনো দিন যদি সুযোগ পান, কে জানে, হয়তো তাঁর হাতেই গড়া হবে নতুন ইতিহাস! সূত্র: ওয়েবসাইট।