শেবাগের মানসিকতাই আলাদা
আগামীকাল শুরু হতে যাওয়া মুম্বাই টেস্টটি আলাদাভাবে তাত্পর্যপূর্ণ হয়ে উঠেছে বীরেন্দর শেবাগের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ভারতীয় এই ওপেনারের শততম টেস্ট। ভারতের নবম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার গৌরব অর্জন করতে যাচ্ছেন শেবাগ। স্মরণীয় এই টেস্টটির আগে সতীর্থদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভারতের মারকুটে এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নও ভূয়সী প্রশংসা করেছেন শেবাগের।আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতকের ইনিংস খেলে সিরিজের শুরুটা বেশ ভালোভাবেই করেছেন বীরেন্দর শেবাগ। টেস্ট ক্রিকেটেও তিনি ধরে রেখেছেন নিজের বিধ্বংসী চরিত্রটা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১১৭ রানের ইনিংসটি তিনি খেলেছেন ১১৭ বলে। টেস্টেও এ ধরনের দ্রুতগতির ব্যাটিংয়ের জন্য অবশ্য অনেক সময় সমালোচনার মুখেও পড়তে হয় শেবাগকে। তবে তাঁর চিন্তাধারাটাই অন্যদের থেকে অনেক আলাদা বলে মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেছেন, ‘শেবাগকে ভালোমতো বোঝার জন্য কিছু সময় দরকার। তাঁকে যারা ভালোমতো চেনে, তারা জানে যে শেবাগের চিন্তাধারাটাই একেবারে ভিন্ন। সে সব সময়ই খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামে। উইকেটের অবস্থা কেমন, সেখানে বল টার্ন করছে কি না, এসবের কোনো কিছুই তার কাছে ব্যাপার না। শেবাগ উইকেটে যায় একটাই উদ্দেশ্য নিয়ে। সেটা হলো সংগ্রহ বড় করা।’শেবাগের শততম টেস্টের আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শেন ওয়ার্ন। শেবাগ যেকোনো বোলারের জন্যই খুব বিপজ্জনক ব্যাটসম্যান বলে স্বীকার করেছেন সর্বকালের অন্যতম সেরা এই লেগস্পিনার। তিনি বলেছেন, ‘শেবাগ খুবই চমত্কার একজন মানুষ। তিনি এ সময়ের অন্যতম বিপজ্জনক ব্যাটসম্যান। কেউই তাঁকে বোলিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ১০০টা টেস্ট ম্যাচ খেলতে গেলে দীর্ঘদিন ধরে একটা প্রস্তুতির দরকার হয়। আগামীকাল তাঁর শততম ম্যাচটা নিঃসন্দেহে খুব আকর্ষণীয় হবে।’এখন বীরেন্দর শেবাগ নিজের শততম টেস্ট ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।