শেবাগের লক্ষ্য ৫০ ওভার
বীরেন্দর শেবাগ যতক্ষণ উইকেটে থাকেন, ততক্ষণই প্রতিপক্ষের অস্বস্তি। শেবাগ আউট হওয়ার পর বেশির ভাগ অধিনায়কই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কেউ প্রকাশ্যে, কেউ গোপনে।ভয়ের কথা হলো, ‘বীরু’ এবার একরকম ঘোষণাই দিয়েছেন, প্রতিপক্ষ দলের জন্য অস্বস্তির কাঁটা হয়ে তিনি থাকতে চান পুরোটা সময়। মানে শেবাগ ব্যাটিং করার পরিকল্পনা করেছেন পুরো ৫০ ওভার!‘ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাটিং আমার করা হয়নি। সর্বোচ্চ ৪৩ কি ৪৪ ওভার পর্যন্ত ব্যাটিং করেছি। কিন্তু এবার আমি পুরো ৫০ ওভারই ব্যাট করার চেষ্টা করব। চেষ্টা করব দলকে একটা ভালো শুরু এনে দিতে। আমি আসলে ১০ বছর ধরেই এই চেষ্টাটা করছি। পারিনি, কিন্তু সব সময়ই চেষ্টাটা ছিল। এবারও থাকবে’—কাল বেঙ্গালুরুতে উন্মুক্ত মিডিয়া সেশনে বলেছেন শেবাগ।তবে কি শেবাগকে এবার একটু রয়ে-সয়ে খেলার পরামর্শ দিয়েছে দল? তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারটাও তো খুব ভালো নয়। ১৪ ম্যাচে ৩৩.০৭ গড়ে ৪৬৩ রান। সেঞ্চুরি একটি, ফিফটি দুটি। ৩২ বছর বয়সী এই ওপেনার ভুল ভাঙালেন, ‘কেউ আমাকে বলেনি আমাকে কী করতে হবে। এটা আমাদের দলের ভালো দিক। কোচ-অধিনায়ক বরং আমাকে আমার স্বাভাবিক খেলাটাই খেলতে বলেছে, কোনো চাপ দেয়নি। বরং ওরা এমনও বলেছে, তুমি তোমার মতো খেলে রান করলেই আমরা খুশি, রান না করলেও আমরা খুশি।’বিশ্বকাপে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যও তাই নেই তাঁর, ‘আমার ভূমিকা আসলে মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করা আর দলকে একটা ভালো শুরু এনে দেওয়া। ১০ বলে ২০ রান করি কিংবা ৭০-৮০ বলে ১০০, আমি সন্তুষ্টই থাকব।’নিজের ব্যাটিং স্টাইলে ইচ্ছে করেই কিছুটা পরিবর্তন এনেছেন বলে জানালেন। আগে শুরু থেকে ধুমধাম মারতে শুরু করতেন। কিন্তু এখন নাকি তিনি অনেক সাবধানী। প্রথম চার-পাঁচ ওভার একটু দেখেশুনে শুরু করতে চান। ওয়েবসাইট।