শেবাগের সঙ্গে ফিরছেন পাঠানও!
একজন বিস্ফোরক ব্যাটসম্যান, সঙ্গে স্পিনটাও যথেষ্ট কার্যকর। আরেকজন বাঁহাতি পেসার, ব্যাটিংয়ের হাতটাও বেশ ভালো। সম্ভাবনার প্রায় পুরোটা বাস্তবে রূপ দিয়ে একজন ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন গ্রেটদের কাতারে। আরেকজন অপার সম্ভাবনা নিয়ে শুরু করেও হারিয়ে গেছেন সময়ের স্রোতে। বীরেন্দর শেবাগ ও ইরফান পাঠানকে মেলানো যাবে না কোনোভাবেই। তবে কিছুদিনের জন্য হলেও অন্তত দুজনকেই রাখা যাচ্ছে একই বন্ধনীতে—জাতীয় দলের বাইরে দুজনই!৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলতে গতকালই ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে ইংল্যান্ড। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে নেই শেবাগ-ইরফান। পরের ম্যাচগুলোতেও না থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। শেবাগ নেই স্রেফ চোটের কারণে। পাঠান তো সেই কবে থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে দুজনকেই আবার শিগগিরই জাতীয় দলে দেখছেন এরিক সিমন্স। ভারতের বোলিং কোচ বলেছেন, কাঁধের চোট কাটিয়ে দ্রুতই ফিরবেন শেবাগ। আর পাঠানও নাকি ফিরে পাচ্ছেন নিজেকে!আইপিএলে শেবাগ-পাঠান দুজনই খেলেন দিল্লি ডেয়ার ডেভিলসে। ভারতীয় দলের পাশাপাশি এই আইপিএল দলেরও বোলিং কোচ সিমন্স। ডেয়ার ডেভিলসের অফ সিজন ক্যাম্প পরিচালনা করতে এই দক্ষিণ আফ্রিকান গিয়েছিলেন দিল্লিতে। দুই দফায় দীর্ঘ সময় ধরে নেটে ব্যাটিং করেছেন শেবাগ। মে মাসে কাঁধে অস্ত্রোপচারের পর এই প্রথম লম্বা সময় ব্যাট করলেন ‘বীরু’। মাঝে পুরো ফিট না হয়েই ইংল্যান্ডে দুটো টেস্ট খেলে এসেছেন, সেই অভিজ্ঞতা একটুও সুখকর নয়। এবার তাই শতভাগ ফিট হয়েই ফিরতে চান।তবে সিমন্সের ধারণা, শেবাগ এই ফিরলেন বলে, ‘অস্ত্রোপচারের পর ও দারুণভাবে ফিরে এসেছে। দারুণ শক্ত-সমর্থ ও ফিট মনে হচ্ছে ওকে। কাঁধের চোট কাটিয়ে ফিরে ওর কোনো সমস্যা হচ্ছে না, মনে হচ্ছে আগের মতোই বিস্ফোরক ব্যাটিং করতে ও প্রস্তুত। সবার জন্যই এটা ভালো খবর।’আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারদের একজন ইরফান, কিন্তু গত আসরে প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি। টুর্নামেন্টের শেষ দিকে অবশ্য পারফরম্যান্স ভালো হচ্ছিল। সিমন্স বলছেন, দিল্লির ক্যাম্পেও নাকি নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন পাঠান, ‘গত আইপিএলের শেষের দিকে ও নিজেকে ফিরে পাচ্ছিল। গতিও ভালো ছিল, সুইংও করাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরপর ও খুব বেশি খেলার সুযোগ পায়নি। তবে নিজেকে দারুণভাবে ফিট রেখেছে, ভালো করার জন্য মুখিয়ে আছে। সুযোগ পেলেই প্রমাণ করবে ও আবার নিজেকে ফিরে পেয়েছে।’ ওয়েবসাইট।