শেবাগের সঞ্জীবনী সুধা
ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। খেলতে পারেননি আইপিএলের প্রথম তিনটি ম্যাচ। চোটের ধকল থেকে কেবলই উঠলেন; আচরণগত সমস্যার অভিযোগও আছে; বয়স ও ফর্ম নিয়ে চলছে কানাঘুষা— বীরেন্দর শেবাগের ক্যারিয়ারে এত বাজে সময় বোধ হয় আর কখনোই আসেনি!এত কিছুর পরও গতকাল রোববার ছিল শেবাগের জন্য বেশ অন্য রকম। কাল অনেক দিন পর শেবাগকে ‘শেবাগের মতো’ দেখা গেল; ছয় ম্যাচে টানা হারের পর আইপিএলে তাঁর দল দিল্লি ডেয়ারডেভিলস পেল প্রথম জয়। তাহলে কি বীরেন্দর শেবাগ কাটিয়ে উঠলেন নিজের বাজে সময়টা?ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাজে সময় কাটিয়ে ওঠা, না-ওঠার ব্যাপারে অবশ্য কিছু বলেননি। তবে জানিয়েছেন, নিজেকে ফিরে পাওয়ার আপ্রাণ প্রচেষ্টায় ভিভ রিচার্ডসের সহায়তা এ ব্যাপারে সহায়ক ভূমিকায় আছে। রিচার্ডস সদ্যই যোগ দিয়েছেন আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজির একজন পরামর্শক হিসেবে।রিচার্ডসের পরামর্শ তাঁকে উজ্জীবিত করেছে বলেই মনেপ্রাণে বিশ্বাস করেন তিনি। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে বিভ্রান্ত করার একটা পাঠ আমরা রিচার্ডসের কাছ থেকে পেয়েছি।’ ব্যাপারটিকে রীতিমতো সঞ্জীবনী সুধাই মনে করছেন শেবাগ।ব্যাপারটি ভেঙেই বললেন শেবাগ, ‘রিচার্ডস বলেছেন, খেলার সময় প্রতিটি খেলোয়াড়ের মধ্যেই ভয় কাজ করে। এমনকি একজন ব্যাটসম্যানও ভেতরে ভেতরে প্রচণ্ড আতঙ্কে ভোগে। তাকে সেই ভয়, সেই আতঙ্ক গোপন করেই প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে হয়। যে খেলোয়াড় প্রতিপক্ষকে যতটা বিভ্রান্ত করতে পারে, সে তত ভালো করে।’রিচার্ডস বলেছেন, ‘নিজের আত্মবিশ্বাসটাকে খেলার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। ভালো পারফরম করতে হলে ওটাই আসল।’দিল্লি ডেয়ারডেভিলসের কালকের জয়ে দারুণ অবদান মাহেলা জয়বর্ধনেরও। তিনি খুব কাছ থেকে দেখেছেন বীরেন্দর শেবাগের ফর্মে ফেরার এই ইনিংস। বলেছেন, তাঁর ভেতরে জ্বলতে থাকা আগুন কাল পারফরম্যান্স হয়ে বেরিয়ে এসেছে। ভিভ রিচার্ডসের উজ্জীবনী সুধা শেবাগের কাজে লেগেছে, মানছেন জয়াবর্ধনেও। তিনি নিজেও মুগ্ধ ভিভের সান্নিধ্য পেয়ে। বলেছেন, ‘এত দিন ধরে ক্রিকেট খেলছি। এতজনের সঙ্গে দেখা ও কথা হয়েছে, কিন্তু ভিভের সঙ্গে কখনোই সেভাবে দেখা হয়নি। আইপিএলে নিজের দলে ভিভ রিচার্ডসকে পরামর্শক হিসেবে পেয়ে উপকৃত আমিও।’ টিএনএন।