শেবাগের ৪ রানের দুঃখ
নিউজিল্যান্ডের বোলারদের যদি প্রশ্ন করা হয়, আজ ভারতের কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি হতাশায় পুড়িয়েছেন আপনাদের? সন্দেহ নেই, মুহূর্তেই তাঁরা বলে দেবেন বীরেন্দর শেবাগের নাম। তবে সফরকারীদের হতাশায় ডুবিয়েও হাসি-মুখে মাঠ ছাড়তে পারেননি ভারতের এই বিধ্বংসী ব্যাটসম্যান। মাত্র চার রানের জন্য যে শেবাগের মিস হয়ে গেছে টেস্ট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি!চার উইকেটে ২৫৮ রানে দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে জহির খান ও হরভজন সিংয়ের বোলিং তোপে আজ দলীয় সংগ্রহে ৯২ রান যোগ করতেই গুটিয়ে গেছে কিউইদের ইনিংস। নিউজিল্যান্ড ৩৫০ রানে অলআউট হওয়ার পর গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের ১৬০ রানের উদ্বোধনী জুটিতে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ দুই উইকেটে ১৭৮ রান। নিউজিল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে এখন পর্যন্ত ১৭২ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা, হাতে রয়েছে আটটি উইকেট।নিউজিল্যান্ডের শেষ সাতটি উইকেট তুলে নিতে ভারতীয় বোলাররা খরচ করেছেন মাত্র ৯৭ রান। কিউই ব্যাটসম্যানদের হতাশার দিনে ব্যতিক্রম ছিলেন রেইডার। আগের দিন ২২ রানে অপরাজিত থাকা রেইডার সাজঘরে ফেরার আগে দলীয় সংগ্রহে যোগ করেছেন ৭০ রান। ভারতের হয়ে জহির খান ও হরভজন প্রত্যেকেই চারটি করে উইকেট শিকার করেন।দ্বিতীয় দিনে কিউই ব্যাটসম্যানদের পর হতাশায় পুড়েছেন দলটির বোলাররাও। আর পুড়িয়েছেন শেবাগ ও গম্ভীর দুজনে মিলে। উদ্বোধনী জুটিতে এ দুজন এনে দিয়েছেন ১৬০ রান। ব্যক্তিগত ৯৬ রানে ভেট্টোরির বলে বোল্ড হন শেবাগ। পরের ওভারে ৫৪ রানে থাকা গম্ভীরকে ফিরিয়েছেন সাউথি। দিনের খেলা শেষ হওয়ার সময় শচীন টেন্ডুলকার ১১ ও রাহুল দ্রাবিড় ৭ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো।