শেবাগের ‘দাওয়াই’ শর্ট বল
কখনো দারুণ কার্যকর হয়েছে, আবার কখনো ফল হয়েছে উল্টো। তার পরও ক্রিকেট-বিশ্বে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে ‘শেবাগকে থামানোর সবচেয়ে বড় উপায় শর্ট বল।’ বীরেন্দর শেবাগের জন্য শর্ট বল দাওয়াই মনে ধরেছে মিচেল জনসনেরও। ভারতের বিস্ফোরক ওপেনারকে শর্ট বলে ঘায়েল করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। ওয়েবসাইট।শেবাগকে নিয়ে জনসনের এত মাথাব্যথা আগের অভিজ্ঞতা থেকে। শেবাগের জন্য কম ভুগতে হয়নি জনসনদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ টেস্টে ৫১.১৩ গড়ে ১৪৮৩ রান শেবাগের। ২০০৮ সালে ভারতে দুই দলের সর্বশেষ সিরিজেও ৪ টেস্টে ৩৫১ রান করেছিলেন শেবাগ, গড় ছিল ৪৩.৮৭, কিন্তু স্ট্রাইক রেট ৮২.৩৯। এবারও শেবাগকেই অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি মানছেন জনসন। মাত্র ৩৬ টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার এই দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার জনসন। দলের বোলিংকে নেতৃত্ব দিতে হবে এই বাঁহাতিকেই। এ জন্যই তাঁর ভাবনাজুড়ে শুধু শেবাগকে আটকানো, ‘সর্বশেষ যখন আমরা এখানে (ভারত) এসেছিলাম, শেবাগ আমাদের ভালো বলগুলোতেও চার-ছয় মারছিল। খেলা শুরুর পর স্কোরবোর্ডের দিকে তাকাতে তাকাতেই ওর প্রায় ফিফটি হয়ে যেত। খুবই বিপজ্জনক ব্যাটসম্যান, তবে সে এমন একজন ব্যাটসম্যান যাকে আমরা অনেক শর্ট বল করতে পারি। আমার ধারণা, ইনিংসের শুরুতে শর্ট বলে সে কিছুটা নড়বড়ে থাকে।’ তবে ভারতের উইকেটে শর্ট বল কতটা কার্যকর হবে, সেটা নিয়ে প্রশ্ন থাকছেই। এক জনসন ছাড়া অস্ট্রেলিয়ার এই দলে এক্সপ্রেস গতির বোলারও নেই। জনসন কিন্তু তবু আত্মবিশ্বাসী। শুধু শেবাগই নন, ভারতের সব ব্যাটসম্যানের বিপক্ষেই শর্ট বলকে ভালো অস্ত্র মনে করছেন আইসিসির গতবারের বর্ষসেরা ক্রিকেটার, ‘আশা করি, শর্ট বলে ভারতের বেশ কিছু ব্যাটসম্যানের বিপক্ষেই আমরা ফায়দা তুলতে পারব। ওদের টপ-অর্ডারকে দ্রুত ফেরানো গেলে ধোনি-দ্রাবিড়সহ অন্যরা চাপে পড়ে যাবে। খুব দ্রুতগতির বোলারই যে হতে হবে, তা কিন্তু নয়। জায়গামতো বল ফেলাটাই গুরুত্বপূর্ণ। শুরুতে শর্ট বলে ওদের নাড়িয়ে দেওয়া গেলে আমাদের দলের বোলাররা ছন্দ পেয়ে যাবে।’জনসন বোলারদের ছন্দ নিয়ে ভাবলেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিন্তু ছন্দ পেয়ে গেছেন। চণ্ডীগড়ে বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দুই ওপেনারের সেঞ্চুরিতে ১ উইকেটে ৩১৯ রান করেছে অস্ট্রেলিয়া। ২৩২ রানের উদ্বোধনী জুটির পর ১০৪ রান করে স্বেচ্ছা অবসর নিয়েছেন সাইমন ক্যাটিচ। ১১৫ রান করে পীযূষ চাওলার বলে বোল্ড হয়েছে শেন ওয়াটসন। রিকি পন্টিং ৪২ ও মাইকেল ক্লার্ক ৪৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।