সেঞ্চুরি করতে তাঁর সময় লাগে না। দুদ্দাড় পিটিয়ে নিমিষেই তিন অঙ্কের জাদুকরি সংখ্যা ছুঁয়ে ফেলতে পারেন। তবে তার জন্যও উইকেটে বেশ কিছুক্ষণ তো থাকতেই হয়। আজ বীরেন্দর শেবাগ সেঞ্চুরি করে ফেলবেন মাঠে নামার সঙ্গে সঙ্গেই। ১১ বছর আগে এমনই এক নভেম্বরে ব্লুমফন্টেইনে যে যাত্রা শুরু হয়েছিল, সেটাই আজ এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। আজ মুম্বাই টেস্ট শেবাগের শততম টেস্টও। আগের টেস্টেই সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। এই টেস্টে এলেই তা হবে সবচেয়ে সার্থক। বৃত্তপূরণটাও তাহলে ভালো হয়। অভিষেক টেস্টেও যে সেঞ্চুরি করেছিলেন বীরু!রেকর্ড অবশ্য বলছে, শততম টেস্টে সেঞ্চুরি সহজ কাজ নয়। ১৩৫ বছরের দীর্ঘ ইতিহাসে এই কীর্তি গড়েছেন মাত্র সাতজন। তাঁদের মধ্যে কোনো ভারতীয়ও নেই। তা ছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও এর পরের ছয় ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন। এই ছয় ইনিংসে চারটিতেই শেবাগ আউট হয়েছেন এক অঙ্কের ঘরেই। রেকর্ডটা অবশ্যই ভালো নয়। কিন্তু নামটা যেহেতু শেবাগ, রেকর্ডের বাধা তেড়েফুঁড়ে যাওয়াই তো তাঁর কাজ। কপিল দেব তাই খোলাখুলিই বলেছেন, এই টেস্টে শেবাগের কাছে তাঁর একটাই চাওয়া—একটা সেঞ্চুরি!শুধু সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল নন, বর্তমান বিশ্বকাপজয়ী ধোনিও নিশ্চয়ই চান এই ম্যাচে শেবাগের ব্যাট থেকেও আসুক তিন অঙ্কের ‘ম্যাজিক ফিগার’। শেবাগের ২৩ সেঞ্চুরির মাত্র ৫টায় যে দল হেরেছে। আর এই টেস্টে জয় মানে ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচ সিরিজ যে ভারত হারবে না, সেটাও হয়ে যাবে নিশ্চিত।অ্যালিস্টার কুকের দলের জন্য শেবাগ-বোমা অপেক্ষাই করছে হয়তো! ওয়েবসাইট।