শেভচেঙ্কোর কাছে সুইডেনের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তির বিচারে স্পষ্টত এগিয়ে ছিল প্রতিপক্ষ সুইডেন। তবে মাঠের লড়াইয়ে গতকাল সোমবার রাতে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে এবারের ইউরো অভিযান সফলভাবে শুরু করল প্রতিযোগিতার সহ-আয়োজক ইউক্রেন।দল হিসেবে ইউক্রেন মোটেই শক্তিশালী নয়। এর ওপর নানা সমস্যায় জর্জরিত দলটি। প্রস্তুতিপর্বে অস্ট্রিয়া ও তুরস্কের কাছে হার। কয়েক দিন আগে ১০ জন খেলোয়াড় রহস্যজনকভাবে আক্রান্ত হলেন পেটের পীড়ায়। দলের প্রথম তিন গোলরক্ষকই ছিটকে পড়েছেন প্রতিযোগিতা থেকে। এত সমস্যার পরও ইউরোর প্রতিপক্ষ ইউক্রেনকে নিয়ে বাড়তি সতর্ক ছিল সুইডেন। শঙ্কাটা অবশ্য ঠিক ইউক্রেনকে নিয়ে নয়, বলাই ভালো, দলটির সেরা স্ট্রাইকার আন্দ্রেই শেভচেঙ্কোকে নিয়ে। সেই শেভচেঙ্কোই গতকাল কাল হয়ে দাঁড়াল সুইডেনের। একাই দুটি গোল করলেন, খেলায় পিছিয়ে পড়েও জেতালেন দলকে।প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের সময় জাতান ইব্রাহিমোভিচ গোলে এগিয়ে যায় সুইডেন। কিন্তু সুইডিশদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেননি শেভচেঙ্কো। তিন মিনিট পরই ইউক্রেনকে সমতায় ফেরান ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। খেলার ৬১ মিনিটে আরেকটি গোল করেন শেভচেঙ্কো। এই গোলটিই ইউক্রেনের জয় নির্ধারণ করে দেয়। খেলার আগে শেভচেঙ্কো ঘোষণা দিয়েছিলেন, সুইডেনের বিপক্ষে ভিন্ন এক ইউক্রেনকে দেখতে পাবে ফুটবলবিশ্ব। তিনি বলেছিলেন, ‘অস্ট্রিয়া-তুরস্কের সঙ্গে যা হয়েছিল, সেটা আমরা কখনোই চাইনি। এ নিয়ে কোনো তর্কও করতে চাই না। সুইডেনের বিপক্ষে ভিন্ন এক ইউক্রেনকে দেখতে পাবেন আপনারা। এই আশ্বাসটা আমি দিতে পারি।’ শেভচেঙ্কোর কথা মিথ্যে হয়নি। সুইডেনের বিপক্ষে জয় পাওয়ার সুবাদে এখন পর্যন্ত ‘ডি’ গ্রুপের শীর্ষে স্বাগতিক ইউক্রেন। গতকালই গ্রুপের প্রথম খেলায় ১-১ গোলে ড্র করে ফ্রান্স ও ইংল্যান্ড। রয়টার্স।