শেভচেঙ্কোর শেষ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৫। এই ‘বুড়ো’ বয়সেও আসন্ন ইউরো আসরের সহ-আয়োজক ইউক্রেনের ভরসার কেন্দ্রবিন্দুতে আছেন আন্দ্রে শেভচেঙ্কো। চেলসি ও মিলানের সাবেক এই খেলোয়াড় এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ঘরের মাঠে এবারের ইউরো আসরই হবে আন্তর্জাতিক ফুটবলে তাঁর শেষ লড়াই। ফুটবল সাময়িকী ওয়ার্ল্ড-সকারকে দেওয়া শেভচেঙ্কোর সাক্ষাত্কারটি ঈষত্ সংক্ষেপ আকারে প্রথম আলো ডটকম পাঠকদের জন্য তুলে ধরা হলো—• এই বয়সে ইউক্রেনের হয়ে খেলছেন। ব্যাপারটি আপনাকে অবাক করে না?শেভচেঙ্কো: এটা সত্যিই আমার জন্য গর্বের বিষয়। এই বয়সে জাতীয় দলের হয়ে খেলাটা সহজ ব্যাপার নয়। আমি সত্যিই আনন্দিত। এই বয়সে যে ইউক্রেনের হয়ে খেলতে পারব, ব্যাপারটি আগে চিন্তাও করিনি। আমি সব সময়ই ফুটবল খেলাটা প্রাণ দিয়ে ভালোবেসেছি। এখনো খেলাটিকে আমি প্রচণ্ড ভালোবাসি। এই খেলাটির কাছে আমি ঋণী। ফুটবলই আমার জীবন। হয়তো ভবিষ্যতেও তা-ই থাকবে। সবচেয়ে বড় কথা, এখনো ফুটবল নিয়ে আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি।• দেশের মাটিতে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ খেলবেন। ব্যাপারটি আপনি কীভাবে দেখছেন?শেভচেঙ্কো: ইউক্রেন এর আগে কখনোই ফুটবলের এত বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করেনি। ব্যাপারটি অনেকটা স্বপ্ন-পূরণের মতোই ব্যাপার। ইউরো দিয়েই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাব আমি। ইউক্রেন বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নিয়েছে, বেশি দিন হয়নি। প্রতিটি ক্ষেত্রেই ইউক্রেন উন্নতি করছে। খেলাধুলা অনেক সময় গণতন্ত্র, কূটনীতি ও রাজনীতির ঊর্ধ্বে স্থান করে নেয়। ফুটবল মানুষকে একতাবদ্ধ করেছে।• এ প্রতিযোগিতায় ইউক্রেনের সমর্থকেরা কতটা প্রভাব ফেলতে পারে?শেভচেঙ্কো: ইউক্রেনের লোকজন ফুটবল-পাগল। সোভিয়েত যুগের অবসান হওয়ার আগেও এমনটা ছিল। যা-ই হোক, ইউক্রেনের সমর্থকেরা পশ্চিম ইউরোপের লোকজন থেকে ভিন্ন। কারণ, ইতালি, স্পেন, গ্রিস বা অন্য ভূমধ্যসাগরীয় দেশগুলোর মতো এখানকার লোকজন খুব বেশি প্রতিযোগিতায় অংশ নেয়নি। ভালো একটা ট্যাকল, কর্নার কিক বা ফাউল হলেই ইউক্রেনের সমর্থকেরা হইহই করে উঠবে না বা হাততালি দেবে না। ফুটবল বা অন্য খেলা সম্পর্কে এখানকার লোকজনের মনোভাব অন্যদের চেয়ে ভিন্ন। তবে এর অর্থ এই নয় যে ইউক্রেনের সমর্থকেরা বন্ধুসুলভ নয়।• আপনাদের এ প্রতিযোগিতায় ‘আন্ডারডগ’ বলা কি ঠিক হবে?শেভচেঙ্কো: দুর্ভাগ্যবশত প্রতিযোগিতার ড্র আমাদের জন্য সুবিধার হয়নি। কারণ, আমাদের গ্রুপে রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড ও সুইডেনের মতো ঐতিহ্যবাহী দল। আমারদের আন্ডারডগ বললেও ভুল হবে না। দলে ভালো খেলোয়াড় রয়েছে। হতে পারে অতীতের মতো আমাদের শীর্ষ খেলোয়াড় নেই।• গ্রুপের অন্য প্রতিপক্ষদের নিয়ে আপনার মূল্যায়ন কী?শেভচেঙ্কো: রক্ষণভাগ ও মিডফিল্ডে সুইডেন ততটা শক্তিশালী নয়। তবে সেমিফাইনালে ওঠার অন্যতম দাবিদার দলটি। দায়িত্বের প্রথম বছরেই ফ্রান্স দলে নতুন মাত্রা যোগ করেছেন কোচ লরেন্ত ব্লঁ। আমার মনে হয়, ইউরোতে এর সুফল পাবে দলটি। প্রস্তুতি তেমন ভালো না থাকলেও আমি মনে করি, শীর্ষ প্রতিযোগীদের অন্যতম ফ্রান্স। সবচেয়ে বড় ব্যাপার হলো, দলে প্রচুর প্রতিভাবান ফুটবলার রয়েছে। অন্যদিকে ইংল্যান্ড দলে রয়েছে একঝাঁক তারকা ফুটবলার। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, জন টেরি, অ্যাশলে কোল, স্টিফেন জেরার্ডদের এবার ভালো সুযোগ রয়েছে। তাঁরা প্রত্যেকে চেলসিতে আমার সাবেক সতীর্থ।• ইউক্রেনের প্রসঙ্গ বাদ দিলে কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি?শেভচেঙ্কো: এখন পর্যন্ত আমার চোখে জার্মানি ফেবারিট। সঙ্গে রয়েছে স্পেন ও হল্যান্ড। স্পেন দলটা অসাধারণ। সম্ভবত এ মুহূর্তে বিশ্বের সেরা দল জার্মানি। জার্মানরাই শিরোপা জিততে পারে। চমকে দিতে পারে পোল্যান্ডও। ওরা হয়তো শিরোপা জিতবে না, কিন্তু অনেক দূর যেতে পারে।• প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের মর্যাদা কে পেতে পারেন?শেভচেঙ্কো: খুব জোর প্রতিযোগিতা হবে ক্রিস্টিয়ানো রোনালদো ও ওয়েইন রুনির মধ্যে। এরপর রয়েছে আমার বন্ধু এবং মিলানে আমার সাবেক সতীর্থ আন্দ্রে পিরলো। ২০০৬ সালের বিশ্বকাপে ও দারুণ খেলেছে। আরেকটা বড় শিরোপা ও পেতেই পারে। আশা করছি, ব্যালন ডি’অর পুরস্কারটাও পাবে পিরলো।