শেভচেঙ্কোর সুইডেন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্যেই আস্থা রাখতে চেয়েছিলেন ইউক্রেনের কোচ ওলেগ ব্লোখিন। তাই সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচের আগে নড়বড়ে হয়ে গিয়েছিল দলে বুড়োদের (!) অবস্থান। এমনকি শোনা গিয়েছিল, অধিনায়ক আন্দ্রেই শেভচেঙ্কোকে ছাড়াই একাদশ সাজাচ্ছেন কোচ। ব্লোখিন শেষ পর্যন্ত ওই পথে হাঁটেননি। শেষ পর্যন্ত জিতল অভিজ্ঞতাই, কোচের আস্থার প্রতিদান দিয়ে দুই গোল করলেন ইউক্রেনের ফুটবল কিংবদন্তি শেভচেঙ্কো। সুইডেনকে ২-১ গোলে হারিয়েই ইউরোতে যাত্রা শুরু হলো সহ-স্বাগতিকদের।পরশু কিয়েভে লড়াইটা জমেছিল বেশ। শুধু দুই দলের নয়, দুই অধিনায়কের মধ্যেও। ইউক্রেনের শেভা আর সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ দুজনই ছিলেন দারুণ। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে সুইডেনকে প্রথম এগিয়ে নিয়েছিলেন ইব্রাই। আর এটাই যেন অহমে আঘাত হানে ৩৫ বছর বয়সী শেভচেঙ্কোর। তিন মিনিটের মধ্যেই গোল শোধ; ইউরোর ইতিহাসে ইউক্রেনকে প্রথম গোলটি উপহার দেন শেভা। জোরালো হেডে এই গোল করার পর ৬২ মিনিটে আবারও স্টেডিয়ামভর্তি দর্শকদের ভাসান আনন্দে।পরশু যেন টাইম মেশিনে চড়ে ১০ বছর পেছনে ফিরে গিয়েছিলেন শেভচেঙ্কো। ম্যাচের সেরা পারফরম্যান্সই শুধু নয়, টুর্নামেন্টের প্রথম আট ম্যাচে সেরা পারফরম্যান্সটাই শেভার। ইউরোর অফিশিয়াল ক্যাস্ট্রল র‌্যাঙ্কিংয়ে ১০-এ ৯.৭ পেয়েছেন শেভা। ইব্রাহিমোভিচ ৯.৫৭।দলকে গ্রুপ ডির শীর্ষে নিয়ে যাওয়ার পর শেভা নিজেই যেন বিস্মিত নিজের খেলায়, ‘মনে হচ্ছে, আমার বয়স ১০ বছর কমে গেছে। গত ছয় মাস যাঁরা আমার সঙ্গে কাজ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ বলতে চাই। আমি কল্পনাও করতে পারিনি খেলতে পারব, কারণ আমার হাঁটুতে ও পিঠে অনেক সমস্যা ছিল।’ অন্যদিকে সুইডেনের হয়ে টানা চার ম্যাচে গোল পাওয়া ইব্রাহিমোভিচ এই হারটাকে মেনে নিতে পারছেন না, ‘আমাদের এই ম্যাচটা হারা উচিত হয়নি।’এই হারে কোয়ার্টার ফাইনালে উত্তরণটা কঠিনই হয়ে গেল বাছাইপর্বে ৩১ গোল করা সুইডেনের। তাদের পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষে। এএফপি, রয়টার্স।