কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামের সঙ্গে তাঁর সম্পর্কটা আজকের নয়। ডায়নামো কিয়েভের এই মাঠ দেখেছেন সেই শৈশবে। মাত্র ১০ বছর বয়সে ইউক্রেনের এক নম্বর দলটির যুবদলে যোগ দিয়েছিলেন। ডায়নামো কিয়েভের হয়েই পেশাদার ফুটবলে অভিষেক। ১৯৯৯ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এই মাঠেই তাঁর জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে কোণঠাসা করে ফেলেছিল ডায়নামো। সেই মাঠেই এবার ইউরোর ফাইনাল। কল্পনার তাঁতে আন্দ্রেই শেভচেঙ্কো তাই এই স্বপ্ন বুনছেন, ১ জুলাইয়ের ফাইনালে হূদয়ের কাছাকাছি থাকা সেই মাঠে ইউক্রেনের জার্সি গায়ে নামবেন। ইউরোর চকচকে ট্রফিটা উঠবে তাঁর হাতে!ইউক্রেনের মতো একটা দেশের জন্য এবারের ইউরোর ফাইনালে খেলার স্বপ্ন দেখতে চাইলে দুঃসাহসী হতে হয়। বিশ্বকাপ একবার খেলে ফেললেও এর আগে ইউরো খেলা হয়নি। এবার অভিষেক, সেটিও যৌথ আয়োজক হওয়ার সৌজন্যে। তবে ইউক্রেনের সবচেয়ে বড় তারকা শেভচেঙ্কো নিজের দেশের মানুষদের বলছেন, স্বপ্ন দেখুন, মানুষ যে তাঁর আশার সমান বড়, ‘শৈশবে আমি খুব স্বপ্ন দেখতাম। তবে স্বপ্ন আমি দেখি সততার সঙ্গে, হূদয় দিয়ে। আমি তাই সব ইউক্রেনিয়ানের কাছে এই আহ্বান করব, আপনারাও হূদয় দিয়ে এই বিশ্বাসটি রাখুন, ২০১২ ইউরোর স্বপ্ন সত্যিইও হতে পারে। আমাদের দলের ফাইনালে খেলার স্বপ্নটা আপনাদের স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে। শিরোপা জয়ের স্বপ্নটা আমাদের সবাইকে হূদয় দিয়ে দেখতে হবে।’এই স্বপ্নের জন্যই চেলসিতে ফেরার সুযোগ পেয়েও ফেরেননি। মিলানের হয়ে ধারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ডায়নামোতেই ফিরে এসেছেন ২০০৯ সালে। ‘গত পাঁচ বছরে বলতে গেলে ইউরো ছাড়া আর কিছু নিয়ে ভাবিইনি, যেটা এবার আমার দেশেই হচ্ছে। সত্যি বলতে কি, আমার ক্যারিয়ারটা লম্বা করেছে এই ভাবনাই। এটা আমার স্বপ্ন’—বলেছেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। কার্লো আনচেলত্তি চেলসির কোচ হয়ে আসার পর তাঁকে ডাক পাঠিয়েছিলেন। আনচেলত্তির অধীনেই এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন শেভচেঙ্কো। কিন্তু সাবেক কোচের ডাকে সাড়া দেননি, ‘যখন মিলান ছাড়ার সিদ্ধান্ত নিলাম, আমার সামনে পাঁচ-ছয়টি বড় ক্লাবের প্রস্তাবও ছিল। কিন্তু সেসব নিয়ে ভাবিনি। কারণ আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম, যাত্রা কিয়েভে শুরু হয়েছে, কিয়েভেই শেষ হবে।’এবারের ইউরো যে তাঁর শেষ বড় টুর্নামেন্ট, সেটি নিশ্চিত করেই ফেলেছেন। ক্লাবের হয়েও খেলবেন কি না, সেই সিদ্ধান্তও নেবেন ইউরোর পর, ‘ইউরো শেষ হলে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। দেখতে হবে, আমার শরীর কতটা ভার সইতে পারছে।’ স্মরণীয় কিছু দিয়েই শেষ করতে চান ইউক্রেনকে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলা শেভচেঙ্কো। খুব কঠিন নয়, কিন্তু সহজ গ্রুপেও পড়েনি ইউক্রেন। ‘ডি’ গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড, ফ্রান্স আর সুইডেন। কিন্তু শিভা আশাবাদী, ‘আমাদের দলটা তরুণ, যাদের সম্ভাবনাও অমিত। মানসিক চাপটা এরা কীভাবে সামলাচ্ছে তার ওপর নির্ভর করবে অনেক কিছু।’ এএফপি, ওয়েবসাইট।