শেরিফ এখন ‘পেনাল্টি-বীর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপের ফাইনালে পেনাল্টি মিস করে অজ্ঞান হয়ে পড়েছিলেন শেরিফ দ্বীন মোহাম্মদ। সংবিত ফিরে পেয়ে বলেছিলেন, ‘জীবনে এটাই প্রথম পেনাল্টি মিস। আর এমন হবে না। এখন থেকে যত পেনাল্টি পাব সবগুলো আমিই নেব এবং গোল করব।’কথা রেখে চলেছেন ঘানাইয়ান স্টাইকার। এ নিয়ে ঢাকার বাইরে তিনটি ম্যাচেই পেনাল্টি পেয়েছে আবাহনী এবং সব কটিতেই গোল করেছেন শেরিফ। ফেনী সকারের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে শেরিফের ম্যাচ জেতানো একমাত্র পেনাল্টি গোল, কদিন আগে চট্টগ্রামের এই এমএ আজিজ স্টেডিয়ামে স্থানীয় আবাহনীর বিপক্ষে গতবারের চ্যাম্পিয়নরা পার পায় তাঁর একমাত্র পেনাল্টি গোলে। কালও একই মাঠে আবার শেরিফের পেনাল্টি গোল। তবে এদিন শুধু ওই একটি গোলই নয়, চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে আবাহনীর দুটি গোলই তাঁর।২৬ মিনিটে ইব্রাহিমের শট গোললাইনে দাঁড়িয়ে হাত দিয়ে থামান ফরহাদ। পেনাল্টির বাঁশি বাজল, গোলরক্ষক উত্তমকে প্রতিরোধের কোনো সুযোগই দেননি শেরিফ (১-০)।৯ মিনিট পর ১-১ হতে পারত। বাঁ প্রান্ত থেকে উড়ে আসা বল ঠিকমতো ধরতে পারেননি আবাহনী গোলরক্ষক বিপ্লব। তাঁর হাত ফসকে বেরিয়ে যায় বল, ফরহাদের শট গোললাইন থেকে বাঁচান ডিফেন্ডার আতিকুর। ৭৩ মিনিটে ব্যবধান দাঁড়ায় ২-০। জাহিদের কর্নারে গোলবারের কোনায় দাঁড়ানো শেরিফ মাথা ছুঁইয়ে বল জালে পাঠান। শেষ দিকে ২-১ হয়ে যেতে পারত। লিংকনের কোনাকুনি শট বিপ্লব আটকাতে পারেননি। তাঁর হাতে লাগার পর পোস্টে লেগে বেরিয়ে যায় বল। আবাহনী কি পুরোপুরি খুশি হতে পারল এই জয়ে? না, কোচ অমলেশ সেনের মুখে আক্ষেপ, ‘আমাদের ফিনিশিং ভালো হয়নি। আরও গোল হওয়া উচিত ছিল।’ তবে অখুশিও নন তিনি, ‘চট্টগ্রামে গত ম্যাচের তুলনায় আজ ভালো খেলেছি আমরা।’খেলা যা-ই হোক, ৮ ম্যাচের সব কটিতেই জয়—মোহামেডানের পাশাপাশি শিরোপার পথে আবাহনীও ছুটছে দুরন্ত বেগে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম মোহামেডান পড়ে থাকল অবনমন অঞ্চলেই।