শেরেবাংলা স্টেডিয়ামে কড়া নিরাপত্তা
ুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সারা দেশেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বাদ নেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বিসিবি কার্যালয়ও। গতকাল থেকে নিরাপত্তাব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়েছে সেখানে।
আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে এত দিন শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে স্টেডিয়াম এলাকায় ঢুকে যেতে পারত যে কেউ। বিসিবি কার্যালয় পর্যন্ত চলে যেতেও খুব বেশি বাধা ছিল না। কিন্তু কাল থেকে লোহার মূল ফটকটি বন্ধ রাখা হচ্ছে। আগতদের ভেতরে ঢোকানো হচ্ছে জিজ্ঞাসাবাদ এবং নিরাপত্তা তল্লাশি করে। সাংবাদিক এবং বিসিবির কর্মকর্তা-কর্মচারীরাও এর বাইরে থাকছেন না। এ ছাড়া বিসিবি কার্যালয়ে ঢুকতে হলেও এখন নিতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি। খাতায় লিখে যেতে হচ্ছে নাম-ঠিকানা।
কোচ, ট্রেনার, ফিজিও মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত বিদেশির সংখ্যা কম নয়। বর্তমান পরিস্থিতিতে সে কারণেই স্পর্শকাতর এলাকা হয়ে উঠেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সেটাই মূল কারণ। বিসিবির নিরাপত্তাপ্রধান সাবেক সেনা কর্মকর্তা হোসেন ইমাম কাল মুঠোফোনে বললেন, ‘বৈশ্বিক এবং জাতীয়ভাবেও বর্তমানে আমরা একটা সমস্যার মুখোমুখি। সে জন্যই শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা কঠোর করা হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’
হোসেন ইমাম জানিয়েছেন, স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে যাওয়ার পথে যে চারটি আসবাবপত্রের দোকান ছিল, সেগুলো এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানায় এখনো আছে বিসিবি কার্যালয় থেকে ইনডোরের দিকে যাওয়ার পথের দোকানগুলো। এসব দোকানের ক্রেতা-বিক্রেতাদের আসা-যাওয়ার জন্য খোলা থাকবে শুধু ৪ নম্বর ফটক। দোকান-মালিক সমিতির সভাপতির দেওয়া পরিচয়পত্র দেখিয়ে ওই ফটক দিয়ে আসা-যাওয়া করতে হবে। মালামাল আনা-নেওয়ার জন্য গেট পাস দেওয়া হয়েছে ২০টি ভ্যানগাড়িকে।