শেরেবাংলার পঞ্চাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ হাফ সেঞ্চুরি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের। ওয়ানডে ম্যাচ আয়োজনের হাফ সেঞ্চুরি। বিশ্বের ষোড়শ ও বাংলাদেশের দ্বিতীয় ভেন্যু হিসেবে ৫০টি ওয়ানডের আয়োজক হতে যাচ্ছে মিরপুর। ২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ওয়ানডের ১৬৩তম ভেন্যু হিসেবে অভিষেক হয় এটির। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটিই হতে পারত এই ভেন্যুর ৫০তম ম্যাচ, কিন্তু গত বছরের ৮ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচটি কোনো বল হওয়া ছাড়াই বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেটি ম্যাচ হিসেবে গণ্য হয়নি।বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দেশের প্রথম এই ভেন্যুতে ১৯৮৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৫৮টি ওয়ানডে ম্যাচ হয়েছে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১০টি, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৫টি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১১টি, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২টি ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪টি ওয়ানডে হয়েছে। বাংলাদেশের সপ্তম ওয়ানডে ভেন্যু শেরেবাংলায় এখন পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচও হয়েছে।এই মাঠে ৪১টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে ১৯টিতে। জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি জয়—৮টি ম্যাচ। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজটির সবগুলো ম্যাচই হয়েছিল এখানে।গত বিশ্বকাপই এখানকার সর্বোচ্চ ও সর্বনিম্ন দলীয় রান দেখেছে। সর্বোচ্চ ৩৭০ রান করেছে ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে। আর সর্বনিম্ন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৫৮। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি বীরেন্দর শেবাগের ১৭৫ বাংলাদেশের বিপক্ষে। সেরা বোলিং বাংলাদেশের আবদুর রাজ্জাকের ২৯ রানে ৫ উইকেট, ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সবচেয়ে বেশি রান করেছেন সাকিব আল হাসান (১২৫৪) এবং সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন আবদুর রাজ্জাক (৫৮টি)।প্রথম ৪৯ ম্যাচে ২০টি সেঞ্চুরি হয়েছে এখানে। সর্বোচ্চ ২টি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। সর্বোচ্চ ৫ বার ইনিংসে চার বা ততোধিক উইকেট পেয়েছেন আবদুর রাজ্জাক।