শেরেবাংলায় দোকানপাট, প্রশ্ন ক্রীড়াসচিবেরও
বাংলাদেশে স্টেডিয়ামের সঙ্গে যে রকম দোকানপাট থাকে, সেটা পৃথিবীর আর কোথাও থাকে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম কাল নিজেই বললেন কথাটা।
বিসিবির সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে গিয়েছিলেন সচিব। ক্রিকেটের উন্নয়নে মন্ত্রণালয় থেকে বিসিবিকে কী ধরনের সহায়তা করা যায়, বিসিবি তাদের কাছে কী প্রত্যাশা করে—কথা হয়েছে এসব নিয়েই। শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে থাকা দোকানপাটকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকার নিরাপত্তা ও পরিবেশ নষ্ট হওয়ার প্রসঙ্গটিও উঠে এসেছে আলোচনায়।
পরে সংবাদ সম্মেলনে ক্রীড়াসচিব বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এ নিয়ে কথা বলব। বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে আছে, সেটা ভাবতে হবে। নিরাপত্তার বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্যান্য জায়গায় এ রকম দোকান থাকে না।’
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলো মূলত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সম্পদ। বিসিবি তাদের কাছ থেকে লিজ নিয়ে সেগুলো ব্যবহার করছে। স্টেডিয়ামের অনেক রক্ষণাবেক্ষণ বিসিবি করলেও সংস্কারকাজ করার দায়িত্ব এনএসসির। সেই সংস্কারকাজ কতটা নিম্নমানের হতে পারে, ফতুল্লা স্টেডিয়ামের দিকে তাকালেই তা বোঝা যায়। একটু বৃষ্টিতেই মাঠের বাইরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্টেডিয়ামের প্রেসবক্স, করপোরেট বক্স, টয়লেট—প্রায় প্রতিবছর সংস্কারের জন্য বিপুল অর্থ ব্যয়ের পরও সবকিছুরই করুণ দশা।
এ রকম পরিস্থিতিতে স্টেডিয়ামগুলো বিসিবির মালিকানায় দেওয়ার চিন্তা আছে কি না জানতে চাইলে ক্রীড়াসচিব বলেছেন, ‘এটা একটা নতুন চিন্তা। আমাদের উদ্দেশ্যই হলো ক্রীড়ার উন্নয়ন, খেলাধুলাকে নিরবচ্ছিন্ন সমর্থন দেওয়া। এর জন্য সব ধরনের সুযোগই খতিয়ে দেখা হবে। যেটাতে খেলা এগিয়ে যাবে, সেটাই আমরা গ্রহণ করব।’