শেষ অঙ্কে বেল-নাটক
চুক্তি নাকি হয়ে গেছে। গ্যারেথ বেলকে বরণ করে নিতে প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যুও। কিন্তু রিয়াল মাদ্রিদ বা টটেনহামের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাটাই যে আসছে না! ‘বেল-নাটকের’ উপসংহার জানা হয়ে যাওয়ার পরও তাই শেষ দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতেই হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও টটেনহামের কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস অবশ্য স্বীকার করেছেন বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে যেকোনো সময় স্পেনে উড়াল দেবেন বেল। সেই বিশ্ব রেকর্ডের অঙ্কটা কত সেটা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি ইংল্যান্ড কিংবা স্পেনের সংবাদমাধ্যম। তবে ১০০ মিলিয়ন ইউরোর কম নয়, এটা প্রায় নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বাকি সবকিছু হয়ে গেছে বলেই হয়তো টটেনহামের হয়ে আর অনুশীলন করছেন না বেল। এ কারণে তাঁর ওপর খ্যাপা কোচ ভিলাস-বোয়াস তো বলেই দিয়েছেন, এর জন্য হয়তো বিদায়ের আগে জরিমানাও গুনতে হবে বেলকে, ‘এখন ক্লাব ঠিক করবে তার অপরাধটা জরিমানা করার মতো কি না।’ গার্ডিয়ান জানিয়েছে, রোমার আর্জেন্টাইন ফরোয়ার্ড এরিক লামেলাকে কেনার চেষ্টা করছে টটেনহাম। তাঁকে আনাটা নিশ্চিত করতে পারলেই বেলকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটাও দিয়ে দেবে।একজন ফুটবলারের জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করাটা রীতিমতো অসম্মানজনক বলে মন্তব্য করেছিলেন বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনো। প্রশ্ন উঠেছিল, উয়েফার নীতিমালায় একজন ফুটবলারের জন্য এত খরচ করাটা বৈধ কি না? ফরাসি দৈনিক লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি, ‘ক্লাব যদি ১০০ মিলিয়ন ইউরো খরচ করার সামর্থ্য রাখে আমার আপত্তি নেই।’ প্লাতিনির আপত্তি না থাকলেও বেলের দামটা অতিরিক্ত ঠেকছে বার্সেলোনার সাবেক বুলগেরিয়ান তারকা রিস্টো স্টয়চকভের কাছে, ‘বেলের দাম ১০০ মিলিয়ন ইউরো হলে আমি তো হতাম অমূল্য।’ রিয়াল মাদ্রিদে গিয়ে বেল আদৌ সাফল্য পাবেন কি না এ নিয়েও সন্দিহান স্টয়চকভ, ‘স্পেনে খেলতে যাওয়া কোনো ইংলিশ ফুটবলারই কখনো সফল হয়নি।’ ওয়েবসাইট।